ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

বিশ্ব যুব দক্ষতা দিবস উদযাপন ও বিএসটিপিএসের ঢাকা বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন

বিশ্ব যুব দক্ষতা দিবস উদযাপন ও বিএসটিপিএসের ঢাকা বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন
×

সংগৃহীত ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ | ২০:২০

‘দক্ষতায় গড়ি সম্মিলিত ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ পর্যটন করপোরেশনের অডিটোরিয়ামে উদযাপিত হলো বিশ্ব যুব দক্ষতা দিবস, ২০২৬।

দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে আমাদের বর্তমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত মূল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী। বাংলাদেশ স্কিল ট্রেইনিং প্রোভাইডার সোসাইটির (বিএসটিপিএস) প্রধান উপদেষ্টা মির্জা নুরুল গণি শোভন সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আমন্ত্রিত অতিথি হিসেবে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সিএমএসই ব্যাংকিং বিশেষজ্ঞ ও টিম লিডার আলী সাবেত, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) এসএমই উন্নয়ন বিশেষজ্ঞ গুঞ্জন ডালাকুটি এবং এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম হাসান সাত্তার মূল্যবান বক্তব্য প্রদান করেন।

বিএসটিপিএসের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মুরাদ হোসেনের সঞ্চালনায় এবং আহ্বায়ক সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন বিএসটিপিএসের ঢাকা বিভাগীয় কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব আফজাল হোসেন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির আহ্বায়ক মারুফ বিল্লাহ জাবেদ, রংপুর বিভাগীয় কমিটির আহ্বায়ক আল মামুন আক্তারুজ্জামান, সিলেট বিভাগীয় কমিটির আহ্বায়ক সুরমনি সিংহ, খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক আকরাম হোসেন, রাজশাহী বিভাগীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং বরিশাল বিভাগীয় কমিটির সদস্য সচিব রফিকুল ইসলামসহ অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে এনএসডিএর নির্বাহী চেয়ারম্যান বলেন, বর্তমান স্কিলবান্ধব সরকার এনএসডিএর মাধ্যমে দেশের বিশাল বেকার জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে যুগোপযোগী স্কিল নীতিমালাসিম্বলিক নানা প্রশংসনীয় উদ্যোগ ও দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণ করেছে। 

আলোচক ও বক্তারা দেশজুড়ে দক্ষতা উন্নয়ন এবং গতিশীল কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে বিদ্যমান প্রযুক্তিগত চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের কর্মপরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করেন। এ সময় তাঁরা সরকারের নীতি নির্ধারণে একাধিক সুনির্দিষ্ট সুপারিশমালা তুলে ধরেন। তাঁরা এনএসডিএর অধীন নিবন্ধিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর সার্বিক প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, বেকার যুবসমাজের কারিগরি দক্ষতা উন্নয়ন এবং দেশে-বিদেশে নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এসডিজি অর্জনসহ বাংলাদেশ সরকারের ঘোষিত ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির মূল লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ গুরুত্বারোপ করেন।

মূল আলোচনা সভার আগে ‘ডিসেন্ট জব অ্যান্ড ট্রেইনিং ইনস্টিটিউট’-এর ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলামকে আহ্বায়ক এবং ‘আমদা টেকনিক্যাল ইনস্টিটিউট’-এর চেয়ারম্যান মো. আফজাল হোসেনকে সদস্য সচিব করে বিএসটিপিএসের ঢাকা বিভাগীয় নতুন আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

আরও পড়ুন

×