অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে যৌতুক ও নির্যাতনের অভিযোগ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬ | ০২:২৯
জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেনের বিরুদ্ধে মদ্যপান, মাদক সেবন, একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক এবং স্ত্রীকে নির্যাতনের অভিযোগ তুলেছেন তার স্ত্রী। তিনি অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
রোববার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ওই নারী।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০১৯ সালের ১৯ জুলাই তাদের বিয়ে হয়। বিয়ের সময় প্রায় ২০ লাখ টাকার আসবাবপত্র ও উপহার দেওয়া হয়। এ ছাড়া স্বর্ণালংকার, মূল্যবান ঘড়ি ও হীরার আংটিসহ প্রায় ৪০ লাখ টাকার উপহার দেওয়া হয়েছিল।
ওই নারী বলেন, তাদের এক কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর কয়েক বছর সংসার স্বাভাবিকভাবে চললেও পরে তার স্বামী নিয়মিত মদ্যপান ও মাদক সেবন শুরু করেন এবং একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। তিনি অভিযোগ করেন, আরিফ হোসেন সরকারি গাড়িতে মাদক বহন করতেন। এসবের প্রতিবাদ করলে তাকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়। মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি দীর্ঘদিন নির্যাতন সহ্য করেছেন।
তার অভিযোগ, গত ৯ জানুয়ারি গভীর রাতে জয়পুরহাটের ভাড়া বাসায় যৌতুকের দাবিতে তাকে মারধর করা হয়। এ সময় তাদের শিশুকন্যাকেও মারধর করা হয়। পরে মা-মেয়েকে বাসা থেকে বের করে দেওয়া হলে তারা পাশের একটি বাসায় আশ্রয় নেন। পরে স্থানীয় সদর হাসপাতালে চিকিৎসা নেন। বর্তমানে তাকে তালাক দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী জানান, স্বামীর বিরুদ্ধে তিনি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এ ছাড়া নির্যাতনের ঘটনায় গত ৫ জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলাও করেছেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।
জয়পুরহাটের পুলিশ সুপার শাহনাজ বেগম বলেন, যতটুকু তিনি জানেন, আরিফ হোসেন ও তার স্ত্রীর মধ্যে তালাক হয়েছে। অভিযোগের বিষয়টি পুলিশ সদর দপ্তর তদন্ত করছে।
- বিষয় :
- পুলিশ
- নির্যাতন
- যৌতুকের দাবি
- সংবাদ সম্মেলন