ওভারটাইমের টাকা না পাওয়ার ক্ষোভে মালিকের গাড়ি নিয়ে পালানোর অভিযোগ
বংশাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি থানায় নিয়ে যায় এবং মালিকের কাছে বুঝিয়ে দেয়। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬ | ১৬:১৬
ওভারটাইমের বকেয়া টাকা না পাওয়ার ক্ষোভে মালিকের প্রাইভেটকার নিয়ে পালানোর চেষ্টা করেন এক চালক। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর পুলিশের তৎপরতায় রাজধানীর বংশাল এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়। এ ঘটনায় চালক মো. জলিল মৃধা (৫৯)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকালে রাজধানীর ভাটারা থানার নতুনবাজার এলাকা থেকে গাড়ির মালিক ৯৯৯-এ ফোন করে জানান, তার ব্যক্তিগত গাড়ির চালক কাউকে কিছু না জানিয়ে গাড়ি নিয়ে চলে গেছেন। পরে চালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার ফোন বন্ধ পাওয়া যায়। এরপর তিনি গাড়ি উদ্ধারে ৯৯৯-এর সহায়তা চান।
খবর পেয়ে ৯৯৯ কর্তৃপক্ষ বিষয়টি তাৎক্ষণিকভাবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক কন্ট্রোল রুমকে জানায়। কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল মো. মৃদুল আহমেদ। পুরো উদ্ধার কার্যক্রমে কলার ও সংশ্লিষ্ট ইউনিটের সঙ্গে সমন্বয় করেন পুলিশ ডিসপ্যাচার এএসআই মো. হারুনুর রশিদ।
পরে ট্রাফিক কন্ট্রোল রুমের তথ্যের ভিত্তিতে বংশাল থানার চাঁনখারপুল চৌরাস্তার নাজিমউদ্দিন রোডে শামীম ডেন্টালের সামনে থেকে সার্জেন্ট তৌফিক এলাহী সুজন ঢাকা মেট্রো-গ-২২-৮৮৭৮ নম্বরের প্রাইভেটকারটি আটক করেন। পপরে বংশাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি থানায় নিয়ে যায় এবং মালিকের কাছে বুঝিয়ে দেয়।
এ ঘটনায় প্রাইভেটকার চুরির অভিযোগে চালক মো. জলিল মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার ভাইয়ার হাউলা গ্রামে। বর্তমানে তিনি ঢাকার ভাটারা এলাকার সাইদনগরে বসবাস করতেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জলিল মৃধা পুলিশকে জানান, ওভারটাইমের বকেয়া টাকা না পাওয়ার ক্ষোভ থেকেই তিনি গাড়িটি নিয়ে চলে গিয়েছিলেন। এ ঘটনায় বংশাল থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
- বিষয় :
- ৯৯৯ সেবা
- প্রাইভেটকার
- ক্ষোভ