কেরানীগঞ্জে কিশোরীকে হত্যার অভিযোগে যুবক গ্রেপ্তার
ছবি- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ | ১৯:৩৬ | আপডেট: ৩০ জুলাই ২০২৬ | ২১:২৪
ঢাকার কেরানীগঞ্জে মোসা. তানজিলা (১৭) নামে এক কিশোরীকে হত্যার অভিযোগে মো. রানা হাওলাদার (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, ভুক্তভোগীর দুটি স্মার্টফোন এবং অলংকার উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় পিবিআই ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার এম এন মোর্শেদ।
তিনি জানান, গত সোমবার দক্ষিণ কেরানীগঞ্জের বাঘৈর এলাকায় খালার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তানজিলা। পরদিন কেরানীগঞ্জ মডেল থানার মদিনানগর এলাকা থেকে গলাকাটা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মা কেরানীগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পিবিআই মামলাটির তদন্ত করে।
তদন্তে জানা যায়, ছয়-সাত মাস আগে অটোরিকশাচালক রানা হাওলাদারের সঙ্গে তানজিলার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রানা বিভিন্ন সময় তাকে আর্থিক সহায়তা করতেন। একপর্যায়ে তানজিলা তার কাছে ৩০ হাজার টাকা দাবি করেন। ওই টাকা দিতে না পারায় দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ঘটনার দিন বিকেলে রানা তার অটোরিকশায় তানজিলাকে কালিন্দী ইউনিয়নের মদিনানগরের একটি নির্জন হাউজিং প্লটে নিয়ে যান। সেখানে টাকা নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে তিনি তানজিলাকে মারধর করেন এবং পরে ফল কাটার ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন।
পিবিআই জানায়, হত্যার পর রানা ভুক্তভোগীর দুটি স্মার্টফোন, একটি রূপার চেইন ও একটি ব্রেসলেট নিয়ে পালিয়ে যান। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এসব আলামত উদ্ধার করা হয়।
পুলিশ সুপার এম এন মোর্শেদ জানান, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে গত বুধবার ভোরে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকা থেকে রানাকে গ্রেপ্তার করা হয়। আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
- বিষয় :
- হত্যার অভিযোগ
- গ্রেপ্তার