ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে কলেজছাত্রী ও যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীতে কলেজছাত্রী ও যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬ | ১৮:৪৩

রাজধানীতে পৃথক স্থান থেকে কলেজছাত্রী ও এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন, আনোয়ার খান মডার্ন নার্সিং কলেজের প্রথমবর্ষের শিক্ষার্থী পিংকি বিশ্বাস (১৯) ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ইমরান হোসেন অনিক (২৫)।

শুক্রবার কলাবাগান ও বনানীর কড়াইল থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক সমকালকে বলেন, ক্রিসেন্ট রোডের ৭২ নম্বর ভবনের একটি ছাত্রী হোস্টেলে থাকতেন পিংকি বিশ্বাস। একই ঘরে তিনিসহ তিনজন থাকতেন। ঘরের অন্য দুজন ছুটিতে বাড়িতে যাওয়ায় বৃহস্পতিবার রাতে তিনি একাই ছিলেন। শুক্রবার সকালে ঘরের জানালা দিয়ে তার ঝুলন্ত দেহ দেখতে পান অন্যরা।

ফজলে আশিক বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে সকাল ৮টার দিকে দরজা ভেঙে পিংকির মরদেহ উদ্ধার করে। তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে সেখানে একটি চিরকুট পাওয়া যায়। তাতে কোনও এক তরুণের প্রতি অভিমানসূচক কথাবার্তা ছিল– তুমি আমার ভালোবাসা বুঝলে না, আমাকে ভুল বুঝলে ইত্যাদি।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেম সংক্রান্ত জটিলতায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানায়, পিংকির বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার জামবাড়ী গ্রামে। তার বাবার নাম প্রফুল্ল বিশ্বাস।

এদিকে শুক্রবার ভোরে কড়াইল এলাকার জামাই বাজারের জামান মিয়ার ভাড়া বাসা থেকে ইমরান হোসেন অনিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

বনানী থানার এসআই নাজমুল হাসান জানান, পারিবারিক কলহের জের ধরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানিয়েছেন স্বজনরা।

মৃতের ভাই মো. মুন্না জানান, গাজীপুরের শ্রীপুর থানার জুগিরসিট এলাকায় তাদের বাড়ি। কড়াইলে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে থাকতেন অনিক। তাদের দাম্পত্য সম্পর্ক ভালো ছিল না। স্ত্রী কারণে–অকারণে অনিককে মানসিক নির্যাতন করতেন। অন্য ছেলেদের সঙ্গে স্ত্রীর সম্পর্ক নিয়ে অনিক কথা বললে উল্টো তার ওপর চড়াও হতেন স্ত্রী। এসব ঘটনার জের ধরে আত্মহত্যা করে থাকতে পারেন অনিক। তার প্রথম সংসারে ছয় বছরের একটি সন্তান রয়েছে।

আরও পড়ুন

×