ব্যারিস্টার ওমর সাদাত এলওসিসি সভাপতি, শামসুল আরেফিন মহাসচিব
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬ | ২২:৫৫
ব্যারিস্টার ওমর সাদাতকে সভাপতি ও শামসুল আরেফিনকে মহাসচিব করে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপদ নাগরিক জীবনের স্বার্থে গঠিত ‘ল অ্যান্ড অর্ডার কো-অর্ডিনেশন কাউন্সিলে’র ২০২৬-২০২৮ মেয়াদের কমিটি গঠিত হয়েছে।
শুক্রবার গুলশান থানার এলওসিসি কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোখলেস ইসলাম এবং রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম।
ডিএনসিসি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন সোসাইটি এবং গুলশান ইয়ুথ ক্লাবের যৌথ উদ্যোগে এই প্ল্যাটফর্মটি পরিচালিত হয়ে আসছে।
সাধারণ সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই এলওসিসি গুলশান থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। পুলিশ, সিটি কর্পোরেশন, স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সোসাইটি ও জনগণের সমন্বিত অংশগ্রহণে এই এলাকাটিকে দেশের অন্যতম নিরাপদ ও সুশৃঙ্খল অঞ্চলে পরিণত করা সম্ভব হয়েছে। বিশেষ করে আধুনিক সিসিটিভি নজরদারি, সফল কমিউনিটি পুলিশিং ও কার্যকর অপরাধ প্রতিরোধের মাধ্যমে গুলশানকে একটি ‘জিরো ক্রাইম’ মডেল এলাকায় রূপান্তরের প্রচেষ্টায় এলওসিসির অবদান বিশেষভাবে প্রশংসিত হয়।
- বিষয় :
- নতুন কমিটি