ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ, ৫০০ চারা দিল ডিএসসিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ, ৫০০ চারা দিল ডিএসসিসি
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬ | ২২:৫৭

সবুজ ও পরিবেশবান্ধব নগর গড়ার লক্ষ্যে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫০০টি গাছের চারা হস্তান্তর ও রোপণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে সোমবার আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এ সময় মল চত্বর প্রাঙ্গণে তিনি বৃক্ষরোপণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সব গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার। পাকিস্তান আমল থেকে শুরু করে প্রতিটি আন্দোলন এবং সর্বশেষ জুলাই অভ্যুত্থানে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকা মহানগরীর যেখানেই খালি জায়গা পাওয়া যাবে, সেখানেই গাছ লাগাতে হবে। কারণ টেকসই পরিবেশের জন্য সবুজায়নের কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। এ সময় ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×