কারাগারে অসুস্থ নিষিদ্ধ আ.লীগ নেতার ঢামেকে মৃত্যু
ছবি: ফাইল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬ | ০১:২৮
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় পটুয়াখালী সদর উপজেলা নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান (৪৮) মারা গেছেন। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢামেক হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি জানান, রাজনৈতিক একটি মামলায় গ্রেপ্তার হয়ে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি ছিলেন। এ বছরের ৯ জুন তিনি কারাগারে থাকা অবস্থায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে (স্ট্রোক) আক্রান্ত হন। এরপর কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা তাকে ঢামেক হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করেন। ভর্তির দুই দিন পরই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানকার একটি ছবি সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেই ছবিতে দেখা যাচ্ছে, তার গলায় একটি মোটা পাইপ লাগানো, নাকে নল। শুয়ে থাকা মিজানুরের ডান হাতে মোটা দড়িসহ হাতকড়া লাগানো। অথচ হাতটির আঙুলে অক্সিমিটার রয়েছে। এক মাস এই আইসিইউতে হাতকড়া নিয়েই ছিলেন মিজানুর রহমান। খুন, হত্যাচেষ্টাসহ একাধিক মামলার আসামি।
ঢাকার পল্টন থানার একটি মামলায় ১১ মাস আগে গ্রেপ্তার হওয়ার পর তিনি কারাগারে ছিলেন। মৃত মিজানুর রহমানের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার ডিবুরিয়াপুর গ্রামে।
পরিদর্শক মো. ফারুক বলেন, মিজানুর রহমান স্ট্রোক করে আইসিইউতে ভর্তি ছিলেন। এরপর আদালতের মাধ্যমে তিনি জামিনে মুক্তিও পান। গুরুতর অসুস্থ থাকায় জামিন পাওয়ার পর তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছিল। আজ তিনি মারা যান।
- বিষয় :
- ঢামেক