ছাত্রদল-শিবির সমঝোতা
আলিয়া মাদ্রাসার হলে উঠলেন শিবিরের নেতাকর্মী
ফাইল ফটো
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ | ০৮:১২ | আপডেট: ১১ আগস্ট ২০২৬ | ১০:২৮
| প্রিন্ট সংস্করণ
পুরান ঢাকার সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার আবাসিক হলে সহাবস্থান নিশ্চিত করতে সমঝোতায় পৌঁছেছে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির। মাদ্রাসা প্রশাসনের মধ্যস্থতায় দুই সংগঠনের নেতাদের বৈঠকের পর গতকাল সোমবার দুপুরে হলে উঠেছেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
এর আগে গত মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর কর্মসূচিতে অংশ নেওয়াকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়। এর জেরে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার সামনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরে ছাত্রদলের নেতাকর্মীরা হলে গিয়ে শিক্ষার্থীদের চলে যেতে বলেন এবং হলের ফটকে তালা লাগিয়ে দেন।
গত রোববার ছাত্রশিবিরের নেতাকর্মীরা হলে উঠতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পরে রাতে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপালসহ প্রশাসনের কর্মকর্তারা দুই সংগঠনের নেতাদের নিয়ে বৈঠকে বসেন। বৈঠকে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ এবং ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কামাল হোসেন উপস্থিত ছিলেন।
বৈঠকে ছাত্রদলের পক্ষে ঢাকা আলিয়া মাদ্রাসা শাখার বিভিন্ন পর্যায়ের নেতারা এবং ছাত্রশিবিরের পক্ষে সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ, ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি ইমদাদুল হক মিয়াজী ও সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা শাখার সভাপতি আবদুল আলিম অংশ নেন।
বৈঠকের বিষয়ে ছাত্রদলের ঢাকা আলিয়া মাদ্রাসা শাখার নেতা সাদ চৌধুরী বলেন, সমঝোতার মাধ্যমে হলে সিট বণ্টনের বিষয়টি সমাধান হয়েছে।
বৈঠক শেষে ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ বলেন, অতীতে কী ঘটেছে, তা নিয়ে পরস্পরকে দোষারোপ না করে সামনে কীভাবে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা যায়– সেটিই আলোচনার মূল বিষয় ছিল।