ঢাকা বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

তারেক মাসুদ-মিশুক মুনীরের মৃত্যুবার্ষিকীতে ব্লাস্টের শ্রদ্ধা

সড়ক দুর্ঘটনায় ভুক্তভোগীদের দ্রুত ক্ষতিপূরণের দাবি

তারেক মাসুদ-মিশুক মুনীরের মৃত্যুবার্ষিকীতে  ব্লাস্টের শ্রদ্ধা
×

সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণ এবং ভুক্তভোগীদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিতে গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মৃতিস্তম্ভে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহতদের স্বজন, আইনজীবী, শিক্ষক-শিক্ষার্থীরা হাতে বিভিন্ন দাবি

 বিশ্ববিদ্যালয় প্রতিবেদক 

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬ | ০৮:৩৬ | আপডেট: ১৩ আগস্ট ২০২৬ | ১০:০১

| প্রিন্ট সংস্করণ

সড়কে যানবাহনের সংঘর্ষে ভুক্তভোগীদের দ্রুত ও যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।

গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা আশফাক মুনীর মিশুকসহ তাঁদের তিন সহকর্মী ওয়াসিম, জামাল ও মোস্তাফিজুর রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও সমাবেশে এ দাবি জানানো হয়। ব্লাস্টের কমিউনিকেশন সমন্বয়কারী মুসফিকুর রহমান মারুফের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ, মিশুক মুনীর, ওয়াসিম, জামাল ও মোস্তাফিজুর রহমান নিহত হন।

সমাবেশে ব্লাস্টের পক্ষ থেকে তিনটি দাবি তুলে ধরা হয়। এতে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ ও সংশ্লিষ্ট বিধিমালার আওতায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দেওয়া অর্থকে শুধু ‘অনুদান’ বা ‘আর্থিক সহায়তা’ হিসেবে নয়, তাঁদের প্রাপ্য যথাযথ ক্ষতিপূরণ হিসেবে বিবেচনা করতে হবে। একই সঙ্গে ক্ষতিপূরণের পরিমাণ বাস্তবসম্মত ও ক্ষয়ক্ষতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে পুনর্নির্ধারণ করতে হবে। এ ছাড়া নিহত ব্যক্তির উত্তরাধিকারী বা বৈধ প্রতিনিধি এবং আহত ব্যক্তিদের ক্ষতিপূরণের আবেদন প্রক্রিয়া সহজ, দ্রুত, স্বচ্ছ ও ভুক্তভোগীবান্ধব করার দাবি জানানো হয়। সড়কে যানবাহনের সংঘর্ষ প্রতিরোধে কার্যকর ও জবাবদিহিমূলক ব্যবস্থা গ্রহণ, সড়ক নিরাপত্তাসংক্রান্ত আইন ও নীতিমালার যথাযথ বাস্তবায়ন এবং সড়ক দুর্ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি ও তাঁদের পরিবারের ন্যায়বিচার ও প্রতিকার নিশ্চিত করারও দাবি জানানো হয়।

সমাবেশে নিহতদের পরিবারের সদস্য ছাড়াও জাগরী, নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ), নিরাপদ সড়ক চাইয়ের প্রতিনিধি এবং ব্লাস্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×