ঢাকা বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় বেশি করে গাছ লাগানোর আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় বেশি করে গাছ লাগানোর আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬ | ২২:১৮

প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও টেকসই সবুজায়নের লক্ষ্যে ব্যাপকভাবে বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর পল্লবীর শহীদ জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আমিনুল হক বলেন, দেশের ক্রমবর্ধমান প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। একটি সুস্থ, সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সমাজের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অধিক সংখ্যক গাছ লাগাতে হবে।

তিনি কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের পরিবেশ রক্ষায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, টেকসই সবুজায়ন নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।

শহীদ জিয়া মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি মো. সাঈদুল হোসেন সাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন, গভর্নিং বডির সদস্যরা, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোস্তফা কামাল খোশনবীশ, ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. খালেকুজ্জামান জুয়েল, এমডিসি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন, শহীদ আবু তালেব স্কুলের প্রধান শিক্ষক মো. এস এম বোরহান উদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া শহীদ জিয়া মহিলা কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকেরাও কর্মসূচিতে অংশ নেন। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।

আয়োজকরা বলেন, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে অব্যাহত রাখা প্রয়োজন। ব্যাপক বৃক্ষরোপণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন

×