ঢাকা রোববার, ১৬ আগস্ট ২০২৬

পূর্বশত্রুতার জেরে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ

পূর্বশত্রুতার জেরে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ | ২২:৫৯

রাজধানীর শেরেবাংলা নগরে পূর্বশত্রুতার জেরে আবু বক্কর সিদ্দিক ওরফে রাসেল নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এতে তার ডান হাতের কনুই, বাঁ হাতের আঙুলসহ শরীরের বিভিন্ন অংশে জখম হয়েছে। বর্তমানে তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন।

গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় শনিবার রাসেলের স্ত্রী মোছা. শিরিন আক্তার বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেছেন। মামলায় ২২ জনের নাম উল্লেখ করে আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, রাসেল একজন ব্যবসায়ী। রাজনৈতিক ও ব্যবসায়িক বিরোধের জেরে জাহিদ মোড়ল তার ওপর আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন। তাকে হত্যার উদ্দেশ্যে হামলার পরিকল্পনা করা হচ্ছিল বলেও এজাহারে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, পূর্বশত্রুতার জেরে বৃহস্পতিবার রাত ৮টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রাসেলের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে তার ডান হাতের কনুই, বাঁ হাতের আঙুলসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়।

পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নিটোর হাসপাতালে ভর্তি করেন।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় শনিবার রাতে মামলা হয়েছে। হামলায় জড়িত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×