ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকাকে সুন্দর করতে হলে আগে সুন্দর মানুষ হতে হবে: ডিএসসিসি প্রশাসক

ঢাকাকে সুন্দর করতে হলে আগে সুন্দর মানুষ হতে হবে: ডিএসসিসি প্রশাসক
×

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ | ২১:৩৫

ঢাকা শহরকে সুন্দর করতে হলে শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, মানুষের চিন্তা-চেতনা ও মূল্যবোধেরও পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

তিনি বলেন, ‘ঢাকা শহরটাকে যতই সুন্দর করতে চাই না কেন, আমি যদি মন থেকে সুন্দর না হই, ভালো মানুষ না হই, তাহলে আমার নেতৃত্বে যারা আছেন তারাও ভালো হবেন না, সমাজও ভালো হবে না।’

রোববার রাজধানীর সূত্রাপুরে জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে ‘ঢাকা নাট্য উৎসব ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, বর্তমানে সমাজে মূল্যবোধের অবক্ষয় দেখা দিয়েছে। তরুণদের একটি অংশ বয়োজ্যেষ্ঠদের সম্মান করছে না, এমনকি অনেক সময় মুখের ওপর যা ইচ্ছা তা বলে দিচ্ছে। এ ধরনের আচরণ সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। এ অবস্থা থেকে উত্তরণে আদর্শ ও মূল্যবোধের চর্চা বাড়াতে হবে।

রাজনীতির প্রসঙ্গে তিনি বলেন, ‘আগে আমরা একটা আদর্শ নিয়ে রাজনীতি করতাম। বর্তমানে রাজনীতি হয়ে গেছে ক্ষমতানির্ভর, অর্থনির্ভর। কী পাব, কী পেলাম, কী পেলাম না– এই হিসাব করতে করতেই দিন শেষ হয়ে যাচ্ছে।’

পুরান ঢাকার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে প্রশাসক বলেন, পুরান ঢাকার রয়েছে দীর্ঘ ইতিহাস, সমৃদ্ধ ঐতিহ্য ও নিজস্ব সংস্কৃতি। এমনকি পুরান ঢাকার ভাষা ও সংস্কৃতিও গর্ব করার মতো। কিন্তু দেশ-বিদেশে এ ঐতিহ্য যেভাবে তুলে ধরা প্রয়োজন ছিল, সেভাবে তা হয়নি।

তিনি বলেন, ঢাকা অনেক পুরোনো রাজধানী। কিন্তু ঢাকার ইতিহাস ও ঐতিহ্য সেভাবে তুলে ধরা হয়নি। ঢাকা শুধু একটি শহর নয়, এটি সারাদেশের রাজধানী। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এখানে বসবাস করেন। কিন্তু সবাই যদি ঢাকাকে নিজের শহর মনে না করেন, তাহলে এই শহরের প্রতি দায়িত্ববোধ তৈরি হবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের এমপি হামিদুর রহমান। সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান।

ঢাকা নাট্য উৎসব ২০২৬ উপলক্ষে ১৬ থেকে ২৩ আগস্ট প্রতিদিন সন্ধ্যা ৭টায় জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে নাটক প্রদর্শিত হবে। এ ছাড়া প্রতিদিন বিকেল ৪টা থেকে উন্মুক্ত মঞ্চে নৃত্য, সংগীত, নাটক ও আবৃত্তি পরিবেশিত হবে।

আরও পড়ুন

×