ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ডব্লিউপিএবি'র উদ্যোগে শিল্পকলা একাডেমিতে শুরু ‘ফরএভার স্টোরি: চ্যাপ্টার ১’

ডব্লিউপিএবি'র উদ্যোগে শিল্পকলা একাডেমিতে শুরু ‘ফরএভার স্টোরি: চ্যাপ্টার ১’
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬ | ২১:৩৬

বাংলাদেশের ওয়েডিং ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি অঙ্গনের পেশাজীবীদের অংশগ্রহণে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী আয়োজন ‘ফরএভার স্টোরি: চ্যাপ্টার ১’। সোমবার শুরু হওয়া এ আয়োজনে দেশের বিভিন্ন প্রান্তের আলোকচিত্রী, চলচ্চিত্র নির্মাতা ও ভিজ্যুয়াল স্টোরিটেলাররা অংশ নিয়েছেন।

ওয়েডিং ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডব্লিউপিএবি) উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের ৩০টির বেশি জেলার তিন শতাধিক অংশগ্রহণকারী তাঁদের তিন হাজার একশর বেশি আলোকচিত্র ও ভিডিও জমা দেন। সেখান থেকে বাছাই করে ১৪০টি আলোকচিত্র ও ১২টি চলচ্চিত্র প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে। এসব নির্বাচিত কাজ নিয়েই সাজানো হয়েছে প্রদর্শনী ও চলচ্চিত্র প্রদর্শনী পর্ব।

আয়োজনের প্রথম দিনে দুটি কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রথম কর্মশালা পরিচালনা করেন আলোকচিত্রী অভিজিৎ নন্দী এবং দ্বিতীয় অধিবেশনে ছিলেন সাজিব পল। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তারা।

বিকেলে আনুষ্ঠানিকভাবে প্রদর্শনী গ্যালারি উন্মুক্ত করা হয়। এরপর অনুষ্ঠিত হয় প্যানেল আলোচনা, উন্মুক্ত মতবিনিময়, আড্ডা ও নেটওয়ার্কিং সেশন। এতে ওয়েডিং ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি খাতের বিভিন্ন প্রজন্মের পেশাজীবী, আলোকচিত্রী ও ভিজ্যুয়াল স্টোরিটেলাররা অংশ নেন।

আয়োজনের আহ্বায়ক সোহেল ইমরান বলেন, এ উদ্যোগের লক্ষ্য শুধু নির্বাচিত কাজ প্রদর্শন করা নয়, বরং এমন একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে আলোকচিত্রী ও সিনেমাটোগ্রাফাররা নিজেদের সৃজনশীল কাজ উপস্থাপনের পাশাপাশি একে অপরের কাছ থেকে শেখার সুযোগ পাবেন। এর মাধ্যমে একটি শক্তিশালী পেশাদার সম্প্রদায় হিসেবে এ খাতকে এগিয়ে নেওয়াই তাঁদের লক্ষ্য।

ডিজিটাল শপের পৃষ্ঠপোষকতায় এবং সনির সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠান আজ মঙ্গলবার কর্মশালা, প্যানেল আলোচনা, নেটওয়ার্কিং ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।

প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী গ্যালারি সবার জন্য উন্মুক্ত থাকবে।

আরও পড়ুন

×