সমাবেশে আনু মুহাম্মদ
সরকার জনগণের স্বার্থ রক্ষায় ভূমিকা পালন করছে না
মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ ৬ দফা দাবি
ছবি- সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ | ০৪:২০
‘মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে জনস্বার্থবিরোধী চুক্তি বাস্তবায়নে সরকারি ও বিরোধীদলীয় নেতারা গভীর ঐক্যে একত্রিত হয়েছেন’ বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও অর্থনীতিবিদ আনু মুহাম্মদ। গতকাল মঙ্গলবার রাজধানীর শাহবাগ মোড়ে গণতান্ত্রিক অধিকার কমিটি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ সমালোচনা করেন।
গ্যাস-বিদ্যুৎ সংকটের সমাধান, রাষ্ট্রায়ত্ত কারখানা, বিদ্যুৎ বিতরণ ও জ্বালানি খাতের বেসরকারীকরণ বন্ধ, ওষুধের সরকারি মূল্য নিয়ন্ত্রণ কার্যকর এবং মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ ছয় দফা দাবিতে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য আনু মুহাম্মদ বলেন, ‘গত ছয় মাসে সরকার অনেক কাজ করতে পারত। কিন্তু জনবান্ধব কাজে এই ছয় মাসে এই সরকার যথাযথ উদ্যোগ নিচ্ছে না।’ তিনি বলেন, ‘মার্কিন বাণিজ্য চুক্তি বাস্তবায়ন হলে পোলট্রি, কৃষি, ওষুধসহ সকল খাতে তীব্র সংকট দেখা দেবে। এখন আবার তারা ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের পাঁয়তারা শুরু করেছে।’
সমাবেশে চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. হারুনুর রশিদ বলেন, ‘দেশের ওষুধ খাতে বড় বড় শিল্পপতির বিনিয়োগ থাকে, যাদের টাকায় ক্ষমতাসীনরা দল ও নির্বাচন পরিচালনা করে, সরকারে আসে।
হেলথ কার্ড, বিনামূল্যে চিকিৎসা ও সবার জন্য স্বাস্থ্য– এসব কথা তারা বলেন ভোট পাওয়ার জন্য। জনগণের জীবনের দায় তাদের নেই। তাদের ওপর আছে নগ্নভাবে বৃহৎ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার দায়।’
গবেষক ও শিক্ষক মাহা মির্জা বলেন, ‘গত কয়েক মাসে দেশে প্রায় ১০ লাখ শ্রমিক বেকার হয়েছে। সেই পুরোনো আমলের মতো পুনর্বাসন না করে বুলডোজার দিয়ে মানুষের ছোট পুঁজি ও জীবিকা ধ্বংস করে দেওয়া হচ্ছে।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোশাহিদা সুলতানা বলেন, ‘রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠানের মূল দায়িত্ব জনস্বার্থ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। এসব প্রতিষ্ঠান প্রয়োজনে লোকসান নিয়েও সরবরাহ ধরে রাখতে পারে। কিন্তু সেগুলোকে শক্তিশালী করছে না সরকার।’
গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক সালমান সিদ্দিকীর সঞ্চালনায় সমাবেশে মার্কিন বাণিজ্য চুক্তি সম্পাদিত হলে কী কী বিপদ তৈরি হতে পারে, তা নিয়ে একটি প্রদর্শনী উপস্থাপন করা হয়।
- বিষয় :
- আনু মুহাম্মদ
- সরকার
- দাবি