ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বিমান চলাচলের হুমকি ও ঝুঁকি মোকাবিলায় সভা

বিমান চলাচলের হুমকি ও ঝুঁকি মোকাবিলায় সভা
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬ | ২১:৪৮ | আপডেট: ২০ আগস্ট ২০২৬ | ২১:৪৯

দেশের বেসামরিক বিমান চলাচল খাতে সম্ভাব্য হুমকি ও ঝুঁকি নিয়মিত মূল্যায়ন, গোয়েন্দা তথ্যের কার্যকর আদান-প্রদান এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদারের লক্ষ্যে সভা করেছে বেসামরিক বিমান চলাচল হুমকি ও ঝুঁকি মূল্যায়ন কমিটি (ক্যাটর্যাক)।

বৃহস্পতিবার রাজধানীর কুর্মিটোলায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্যাটর্যাকের সভাপতি ও বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেবিচক, বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার ইন্টেলিজেন্স ইউনিট, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর এবং বাংলাদেশ পুলিশের বিশেষ শাখাসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

বেবিচক চেয়ারম্যান বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বেসামরিক বিমান চলাচল খাত সন্ত্রাসবাদ, সাইবার ঝুঁকি, অভ্যন্তরীণ হুমকি, আইইডি ও ড্রোন হামলাসহ বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি। এসব হুমকি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার অ্যানেক্স ১৭ অনুযায়ী নিয়মিত নিরাপত্তা ঝুঁকি মূল্যায়নে ক্যাটর্যাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ইতোমধ্যে বেসামরিক বিমান চলাচল ঝুঁকি বিষয়ক বিবৃতি চূড়ান্ত করা হয়েছে এবং গোয়েন্দা তথ্য আদান-প্রদানের পদ্ধতি সুনির্দিষ্ট করা হয়েছে। এসব কার্যক্রম আসন্ন আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার সর্বজনীন নিরাপত্তা নিরীক্ষা কর্মসূচি—ধারাবাহিক পর্যবেক্ষণ পদ্ধতি অডিটের জন্যও গুরুত্বপূর্ণ। সম্মিলিত প্রচেষ্টায় দেশের বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ বলেন, ক্যাটর্যাকের প্রথম সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি সভায় বর্তমান ও উদীয়মান নিরাপত্তা ঝুঁকি নিয়ে আলোচনা করা হয়।

সভায় বিমানবন্দরের সাইবার নিরাপত্তা জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ফিশিং, পাসওয়ার্ড চুরি, অননুমোদিত প্রবেশ এবং যাত্রী ও ফ্লাইটসংক্রান্ত তথ্য চুরিসহ বিভিন্ন সাইবার ঝুঁকি মোকাবিলায় বেবিচক গৃহীত বিভিন্ন পদক্ষেপ সভায় তুলে ধরা হয়।

আরও পড়ুন

×