ডিএসসিসির ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব শুরু, গুণীজনদের সম্মাননা
মধুমিতা সিনেমা হল। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ | ২০:৫৯
রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’। শনিবার রাজধানীর মতিঝিলের মধুমিতা হলে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎসবটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ঢাকার সমৃদ্ধ অতীত ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে অবদানের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে দেশের বরেণ্য চলচ্চিত্র শিল্পী, কলাকুশলী, সাংবাদিক ও ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন সিনেমা হলের সংখ্যা হ্রাসের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, ‘একসময় সারাদেশে সাড়ে আটশোর বেশি সিনেমা হল চালু থাকলেও বর্তমানে তা কমে ১-১৫টিতে নেমে এসেছে। ডিজিটাল যুগে স্মার্টফোন ও আধুনিক মাল্টিমিডিয়ার সহজলভ্যতায় দর্শকদের মনোজগতে বড় পরিবর্তন এসেছে। তাই কলাকুশলীদের দর্শকরুচি বিবেচনা করে সিনেমা নির্মাণ করতে হবে এবং এ খাতে সরকারকে প্রয়োজনীয় নীতিগত সহায়তা প্রদান করতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম জানান, বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে পুনরায় গতিশীল করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সমঝোতা স্মারকের মাধ্যমে একযোগে কাজ করবে।
সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, ‘ঢাকার ইতিহাস ও ঐতিহ্যের সাথে চলচ্চিত্রের গভীর সংযোগ রয়েছে। চলচ্চিত্র ছাড়া আমাদের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে যথাযথভাবে চিত্রায়িত করা সম্ভব নয়। রাজধানী হিসেবে ঢাকা বিশ্বজুড়ে অত্যন্ত প্রাচীন ও ঐতিহ্যবাহী। এই শহরের গৌরবময় ইতিহাস ও সংস্কৃতি দেশ-বিদেশে ছড়িয়ে দিতেই ডিএসসিসি এ উৎসবের আয়োজন করেছে।’
তিনি আগামী সাত দিন নগরবাসীকে পরিবার ও প্রিয়জনদের নিয়ে মধুমিতা হলে বিনামূল্যে সিনেমা উপভোগ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে অভিনেত্রী সুজাতা আজিম, সুচন্দা, আনোয়ারা, ববিতা, অভিনেতা উজ্জ্বল, সোহেল রানা, আলমগীরসহ বেশ কয়েকজন গুণী শিল্পীকে জীবন্ত কিংবদন্তি হিসেবে সম্মাননা জানানো হয়। পাশাপাশি পরিচালক জহির রায়হান, সুভাষ দত্ত, চাষী নজরুল ইসলাম, নায়করাজ রাজ্জাক, সংগীতশিল্পী আজম খান, এন্ড্রু কিশোরসহ অনেককে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়। এছাড়া চলচ্চিত্র সাংবাদিকতায় অবদান রাখা বিশিষ্টজনদের এবং ঐতিহ্যবাহী লায়ন, আজাদ ও মধুমিতা সিনেমা হলকেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়। আয়োজনে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান এবং ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উৎসব উপলক্ষে আগামী ২৮ আগস্ট পর্যন্ত মধুমিতা হলে প্রতিদিন বিকেল ৩টা ও সন্ধ্যা ৬টায় সর্বসাধারণের জন্য বিনামূল্যে চলচ্চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। উদ্বোধনী দিনের সন্ধ্যায় ‘মুখ ও মুখোশ’ প্রদর্শিত হয়। পরবর্তী দিনগুলোতে পর্যায়ক্রমে ‘নবাব সিরাজদ্দৌলা’, ‘১৩ নং ফেকু ওস্তাগার লেন’, ‘জীবন থেকে নেওয়া’, ‘নান্টু ঘটক’, ‘অশিক্ষিত’, ‘রংবাজ’, ‘সবুজ সাথী’, ‘নাচের পুতুল’, ‘দূরদেশ’, ‘দহন’, ‘দোস্ত দুশমন’ এবং ‘বধু বিদায়’ চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। সাধারণ দর্শকরা পরিবার ও প্রিয়জনদের নিয়ে এই প্রদর্শনীগুলো উপভোগ করতে পারবেন।
- বিষয় :
- ডিএসসিসি
- চলচ্চিত্র উৎসব