ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

পুলিশের মূল কাজ হলো জনগণের সুরক্ষা ও সেবা দেওয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের মূল কাজ হলো জনগণের সুরক্ষা ও সেবা দেওয়া: স্বরাষ্ট্রমন্ত্রী
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ | ২১:২৭ | আপডেট: ২২ আগস্ট ২০২৬ | ২১:২৭

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশের মূল কাজ হলো জনগণের সুরক্ষা ও সেবা দেওয়া। থানাকে প্রতিটি মানুষের আস্থা ও ভরসাস্থল হতে হবে। শনিবার বিকেলে রাজধানীর তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। 

এ সময় তিনি থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবকাঠামোগত অবস্থা এবং সাধারণ মানুষের পুলিশি সেবা পাওয়ার মান পর্যবেক্ষণ করেন। এ সময় মন্ত্রী থানায় দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি থানা ভবনের বিভিন্ন তলায় অবস্থিত পুলিশ কর্মকর্তাদের প্রশাসনিক, ডিউটি অফিসার এবং তদন্ত কর্মকর্তাদের অফিস কক্ষ, হাজতখানা এবং পুলিশ সদস্যদের ব্যারাক ও ডাইনিং স্পেস (মেস) ঘুরে দেখেন।

এদিন ব্যারাক পরিদর্শনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে অবস্থানরত পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা, মেসের সার্বিক খাদ্যের মান এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে থানায় কর্মরত পুলিশ সদস্যদের নাইট ডিউটি ও শিফটিং ডিউটির সুনির্দিষ্ট সময়সূচি ও কাজের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

তেজগাঁও থানায় সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের সাথেও কথা বলেন মন্ত্রী। সাধারণ ডায়েরি (জিডি) বা অভিযোগ জমা দিতে আসা ভুক্তভোগীদের সমস্যার কথা শোনেন এবং তাদের অভিযোগ দ্রুত সময়ে ও স্বচ্ছতার সাথে নিষ্পত্তির জন্য ওসিসহ সংশ্লিষ্টদের তাৎক্ষণিক নির্দেশ দেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নাগরিকরা যেন নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে থানায় আসতে পারেন এবং কোনো মাধ্যম ছাড়া নিজের সমস্যা সরাসরি জানাতে পারেন— আমরা সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।

এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×