ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই ও সহযোগী গ্রেপ্তার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই ও সহযোগী গ্রেপ্তার
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬ | ০২:২৮

মাদক কারবারের অভিযোগে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলাম (৪৩) ও সহযোগী ওয়াসিমকে (২৪) গ্রেপ্তার করেছে দক্ষিণখান থানা পুলিশ।

রোববার দিবাগত রাতে উত্তরা আজমপুর কাঁচাবাজার ও বিসমিল্লাহ পল্লি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে তাদের বিরুদ্ধে দক্ষিণখান থানায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

সোমবার রাতে বিষয়টি সমকালকে নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুর রহমান।

এসআই শাহিনুর রহমান বলেন, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে আজমপুর কাঁচাবাজার এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ওয়াসিমকে আটক করে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে ওয়াসিমের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এএসআই শফিকুল ইসলামকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজমপুর কাঁচাবাজারের বিসমিল্লাহ পল্লির ৬৭ নম্বর নূর বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে আরও ৫ হাজার ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে তাদের কাছ থেকে ৫ হাজার ৩১০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহিনুর রহমান বলেন, সোমবার দক্ষিণখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার দুজন ছাড়াও অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহারে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা এনে দক্ষিণখানসহ আশপাশের এলাকায় বিক্রির কথা স্বীকার করেছেন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির সমকালকে বলেন, গত জুন মাসে এএসআই মো. শফিকুল ইসলাম পল্লবী থানায় যোগ দেন। তবে ২৭ জুন থেকেই তিনি থানায় অনুপস্থিত ছিলেন। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। সোমবার জানতে পেরেছেন, তিনি মাদকসহ গ্রেপ্তার হয়েছেন।

আরও পড়ুন

×