তৃতীয় টার্মিনাল পরিচালনা
অবশেষে বেবিচকে প্রস্তাব দাখিল করল জাপানি প্রতিষ্ঠান
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬ | ২১:৪১
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের অপারেশন ও মেইনটেন্যান্স (পরিচালনা ও রক্ষণাবেক্ষণ) কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে (বেবিচক) প্রস্তাব দাখিল করেছে জাপানি সাব ওয়ার্কিং গ্রুপ বা উপকার্যদল।
বেবিচক কর্মকর্তারা জানান, দীর্ঘদিনের বৈঠক শেষে আজ মঙ্গলবার রাজধানীর কুর্মিটোলায় বেবিচকের সদরদপ্তরে এ প্রস্তাব দাখিল করে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের পক্ষ থেকে মাসাহিরু হিরাই বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের কাছে এই প্রস্তাব দাখিল করে। এ সময় জাপানি প্রতিনিধি দলের অন্যান্য সদস্য ও বেবিচকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ সমকালকে জানান, প্রস্তাব দাখিলের সময় জাপানি প্রতিষ্ঠান কর্তৃক কারিগরি ও আর্থিক প্রস্তাবসংবলিত পৃথক ডকুমেন্ট জমা দেওয়া হয়েছে। দাখিলকৃত প্রস্তাবগুলো বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক গঠিত আরএফপি মূল্যায়ন কমিটির মাধ্যমে নির্ধারিত পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। মূল্যায়ন কমিটিতে আছেন, বেবিচকের সদস্য (প্রশাসন), সদস্য (পরিচালনা ও পরিকল্পনা), অর্থ মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রতিনিধিরা।
বেবিচক কর্মকর্তারা জানান, মূল্যায়ন কার্যক্রমের অংশ হিসেবে প্রথমে কারিগরি প্রস্তাব এবং পরে আর্থিক প্রস্তাব মূল্যায়ন করা হবে। মূল্যায়ন শেষে আলোচনা ও সমঝোতা হবে। সফলভাবে আলোচনা ও সমঝোতা সম্পন্ন হওয়ার পর নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে চুক্তির তারিখ চূড়ান্ত হবে।
সংশ্লিষ্টরা আরও জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দেশের বিমান খাতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প। আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানের যাত্রীসেবা এবং দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশের এভিয়েশন খাতকে আরও শক্তিশালী ও বিশ্বমানের পর্যায়ে উন্নীত করতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।