অনলাইনে অর্ডার, ডেলিভারি দিতে এসে হেরোইনের কাঁচামালসহ গ্রেপ্তার ব্যবসায়ী
হেরোইনের কাঁচামাল রাখার কক্ষ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ | ১৪:৪২
অনলাইনে হেরোইন তৈরিতে ব্যবহৃত নিয়ন্ত্রিত রাসায়নিক বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানের আইটি ম্যানেজার মো. আব্দুল মোমিন পাটোয়ারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সোমবার রাজধানীর গুলশানের নিকেতন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় ৬ লিটার বিভিন্ন ধরনের রাসায়নিক এবং নিয়ন্ত্রিত প্রিকারসর কেমিক্যাল বিক্রির নথিপত্র জব্দ করা হয়েছে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ডিএনসি।
ডিএনসি জানায়, সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে কেমিক্যাল বিক্রির অনলাইন প্ল্যাটফর্ম ‘ই-কেম’-এর সন্ধান পান সংস্থাটির গোয়েন্দারা। পরে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে ক্রেতার প্রয়োজনীয় অনুমোদন বা লাইসেন্স যাচাই না করেই ৫০০ মিলিলিটার এসিটিক অ্যানহাইড্রাইডের অর্ডার দেওয়া হয়।
২৪ আগস্ট নিকেতন এলাকায় ওই রাসায়নিক সরবরাহ করতে গেলে ডিএনসির কর্মকর্তারা অভিযান চালান। এ সময় ৫০০ মিলিলিটার এসিটিক অ্যানহাইড্রাইড ও ১ লিটার এসিটোন জব্দ করা হয়।
পরে ডেলিভারিম্যানের দেওয়া তথ্যের ভিত্তিতে কুড়িলের প্রগতি সরণিতে ‘ই-কেম’-এর কার্যালয়ে অভিযান চালানো হয়। সেখানে আরও বিভিন্ন ধরনের রাসায়নিক এবং ক্রেতার পরিচয় ও প্রয়োজনীয় অনুমোদন যাচাই না করে নিয়ন্ত্রিত কেমিক্যাল বিক্রির নথিপত্র পাওয়া যায় বলে জানিয়েছে ডিএনসি।
এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিকসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজন পলাতক রয়েছেন।
ডিএনসি বলছে, এসিটিক অ্যানহাইড্রাইড হেরোইন তৈরিতে ব্যবহৃত হতে পারে। এসব প্রিকারসর কেমিক্যালের বৈধ ব্যবহার থাকলেও অবৈধ মাদক তৈরিতে ব্যবহারের আশঙ্কায় এগুলো নিয়ন্ত্রিত। অনলাইনে এসব রাসায়নিকের সরবরাহ এবং ক্রেতাদের বিষয়ে নজরদারি আরও জোরদার করা হচ্ছে।