ঢাকা বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে ফ্রি মেডিকেল ক্যাম্প
×

ছবি- সমকাল

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ | ১৯:৪৫

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে ফরাজী ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটাল লিমিটেড ও মাদানী হসপিটাল লিমিটেড। বুধবার পৃথক সময়ে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ দেন।

ফরাজী হাসপাতাল বারিধারা ও মাদানী হসপিটালের উদ্যোগে আয়োজিত এসব ক্যাম্পে বিভিন্ন শ্রেণি-পেশার ও বয়সের পাঁচ শতাধিক মানুষ চিকিৎসাসেবা নেন। ক্যাম্পে আসা রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও ফিজিওথেরাপি সেবায় বিশেষ ছাড়েরও ব্যবস্থা রাখা হয়।

ফরাজী হাসপাতাল বারিধারার সিইও মুহাম্মদ মাঈন উদ্দীন বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা সহজলভ্য করা এবং চিকিৎসাসেবায় সহযোগিতা করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

মাদানী হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. ইব্রাহিম মাসুম বিল্লাহ বলেন, মহানবী (সা.)-এর অনুপম জীবনাচারের অন্যতম দিক মানবসেবা। তাঁর জীবন ও আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে ভবিষ্যতেও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা এ উদ্যোগের প্রশংসা করেন। তাঁরা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এমন মানবিক আয়োজনকে স্বাগত জানান।

আয়োজকেরা জানান, সমাজের পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে দুই হাসপাতাল প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে বিভিন্ন স্থানে বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজন করে। পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হয়।

আরও পড়ুন

×