উত্তরায় অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর ২ লাখ টাকা ছিনতাই
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬ | ১৩:৪১ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬ | ১৪:০৬
রাজধানীর উত্তরা এলাকায় অস্ত্রের মুখে এক ব্যবসায়ীর কাছ থেকে ২ লাখ ১ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপদ সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নূর নাফি ডেভেলপারস লিমিটেডের সহকারী হিসাবরক্ষক নাদিম আহমেদ সুজন প্রতিষ্ঠানের ১১ নম্বর সেক্টরের কার্যালয় থেকে রিকশায় করে জনতা ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলেন। পথে সোনারগাঁও জনপদ সড়কে পৌঁছালে এক ব্যক্তি রিকশা থামানোর জন্য সংকেত দেন। রিকশা থামানোর পর আরও তিন ব্যক্তি সেখানে এসে হাজির হন। একপর্যায়ে তাঁদের মধ্যে একজন নাদিমের দিকে পিস্তল তাক করে ভয় দেখান। পরে তাঁর কাছ থেকে ২ লাখ ১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর সমকালকে বলেন, ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। ভুক্তভোগীর সঙ্গে কথা বলে বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- উত্তরা
- ছিনতাই
- টাকা ছিনতাই