ঢাকা বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

জন্মাষ্টমীতে নিশ্ছিদ্র নিরাপত্তা দেবে ডিএমপি

জন্মাষ্টমীতে নিশ্ছিদ্র নিরাপত্তা দেবে ডিএমপি
×

শুভ জন্মাষ্টমী উপলক্ষে নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে ডিএমপি হেডকোয়ার্টার্সে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬ | ১৯:০০ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬ | ১৯:৪৯

রাজধানীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা দেবে ঢাকা মহানগর পুলিশ। এ উপলক্ষ্যে নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে ডিএমপি হেডকোয়ার্টার্সে সমন্বয় সভা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং জন্মাষ্টমী উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, আগামী ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমী উপলক্ষে পিকেট, টহল, ফুট পেট্রোল, সিসিটিভি, ডিবি, সাদা পোশাকে গোয়েন্দা দল, সোয়াট, বোম্ব ডিসপোজাল ও ট্রাফিক পুলিশসহ পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবে।

সভায় জন্মাষ্টমীর শোভাযাত্রা নির্ধারিত রুট ও সময়ের মধ্যে শেষ করা, আজান ও নামাজের সময় লাউড স্পিকার ব্যবহার না করা এবং নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগের সিদ্ধান্ত হয়। পাশাপাশি শোভাযাত্রায় ব্যাগ-পোটলা না নেওয়া এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখলে পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, জন্মাষ্টমী সুষ্ঠু, সুন্দর ও নিরাপদে উদযাপনে ডিএমপির পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সংশ্লিষ্ট সবাইকে দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি বৈদ্যুতিক লাইনের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

×