বিদেশি রিভলবার-ইয়াবাসহ ‘ম্যাগনেট বাবু’ গ্রেপ্তার
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬ | ১৯:০৩
রাজধানীর মোহাম্মদপুর থেকে একটি বিদেশি রিভলবার, এক রাউন্ড তাজা গুলি, চার রাউন্ড গুলির খোসা ও ৬০০ পিস ইয়াবাসহ সন্ত্রাসী ও মাদক কারবারি মো. বাবুল হোসেন ওরফে ‘ম্যাগনেট বাবু’কে গ্রেপ্তার করেছে র্যাব। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জের নিজ বাড়িতে অভিযান চালিয়ে আরও দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার বিকেলে র্যাব-২-এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ২৬ আগস্ট মধ্যরাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-২ জানতে পারে, ‘ম্যাগনেট বাবু’ একটি মাইক্রোবাসে করে মাদক সরবরাহের উদ্দেশ্যে মোহাম্মদপুরের তিন রাস্তা মোড়ের দিকে বসিলা রোড দিয়ে যাবে।
এ তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল ওই এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে। একপর্যায়ে একটি মাইক্রোবাসের গতিরোধ করা হলে চালকের কথাবার্তায় অসংলগ্নতা লক্ষ্য করেন র্যাব সদস্যরা।
জিজ্ঞাসাবাদে চালক নিজেকে মো. বাবুল হোসেন ওরফে ‘ম্যাগনেট বাবু’ বলে পরিচয় দেয়। পরে বিশেষ সতর্কতায় তার দেহ ও মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে একটি বিদেশি রিভলবার, এক রাউন্ড তাজা গুলি, চার রাউন্ড গুলির খোসা ও ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জ মডেল থানার চরওয়াশপুর এলাকায় বাবুলের নিজ বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে আরও ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করে র্যাব। সব মিলিয়ে তার কাছ থেকে ২ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক অনুসন্ধানে র্যাব জানতে পারে, ‘ম্যাগনেট বাবু’ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক কারবার, সন্ত্রাস, অস্ত্রবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
এ ছাড়া তার পিসিপিআর যাচাই করে দেখা গেছে, ডিএমপির কাফরুল থানায় দায়ের করা একটি দস্যুতা মামলায় এবং চাঁদপুরের মতলব দক্ষিণ থানায় বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানোর একটি মামলায় তিনি অভিযুক্ত। গ্রেপ্তার বাবুল হোসেনের বিরুদ্ধে উদ্ধার করা আলামতসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাবের এই কর্মকর্তা।