যাত্রাবাড়ী থানা থেকে পালালেন রিমান্ডে থাকা আসামি
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬ | ১৯:৪০ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬ | ২০:০১
রাজধানীর যাত্রাবাড়ী থানা থেকে হত্যা মামলায় রিমান্ডে থাকা এক নারী আসামির পালিয়ে যাওয়া ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া আসামির নাম মিতু আক্তার। তিনি তিন দিনের রিমান্ডে ছিলেন।
যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিক সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।
থানা সূত্রে জানা যায়, যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় মিতু নামের এক নারী আসামি থানা থেকে কৌশলে পালিয়ে গেছেন। মিতু যাত্রাবাড়ী এলাকার হাজী সোহেল হত্যা মামলার আসামি। তিনি থানায় তিন দিনের রিমান্ডে ছিলেন। সকালে কৌশলে গেটের তালা খুলে তিনি পালিয়ে যান।
পুলিশ জানায়, নারী আসামিদের হ্যান্ডকাফ পরানো হয় না। এই সুযোগ কাজে লাগিয়ে আসামি থানা থেকে পালিয়ে গেছেন। ঘটনা তদন্তে এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
থানার পরিদর্শক এবি সিদ্দিক বলেন, হত্যা মামলায় রিমান্ডে থাকা এক নারী আসামী থানা থেকে পালিয়ে যাওয়ার ঘটনা সত্য। পুলিশ এ বিষয়ে কাজ করছে। বিস্তারিত পরে জানানো যাবে।
- বিষয় :
- যাত্রাবাড়ী
- আসামি