অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণের দাবিতে গুলশানে সমাবেশ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬ | ২২:২৭
অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে পাঁচ দফা দাবি জানিয়েছেন রাজধানীর গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনের বাসিন্দারা। গুলশান সোসাইটির উদ্যোগে শুক্রবার বিকেলে গুলশান-২ চত্বরে ‘গণজারণ সমাবেশ’ থেকে এসব দাবি জানানো হয়।
কর্মসূচি চলাকালে গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত বলেন, ‘আমরা অটোরিকশা বা কারও রুটি-রুজির বিরুদ্ধে নই। আমরা চাই নিরাপদ সড়ক। এ জন্য সব ধরনের যানবাহনকে সড়কে সুশৃঙ্খলভাবে, নিয়ন্ত্রিত উপায়ে চলাচল করতে হবে।’
ওমর সাদাত বলেন, রিকশার ওপর নির্ভর করে একটা দেশ চলতে পারে না। পৃথিবীর কোনো দেশে এমনটা নেই। তাই অবৈধ অটোরিকশা তুলে দিতে হবে এবং চালকদের জীবিকার বিকল্প ব্যবস্থা করতে হবে। এ জন্য তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
তিনি বলেন, ‘আমাদের দেশের অন্যতম সমস্যা হচ্ছে অসহনীয় যানজট, অনিয়ন্ত্রিত পরিবহন ব্যবস্থা। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হলে দরকার প্রশিক্ষিত একটা জনগোষ্ঠী, যা আমাদের দেশে অনুপস্থিত। এ কারণে বিদেশি বিনিয়োগ হচ্ছে না।’
ওমর সাদাত বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত অবৈধ রিকশা এবং এর কারণে অসহনীয় যানজট, বিশৃঙ্খলা ও নিরাপত্তাহীনতার কথা বলে আসছি। কিন্তু সমস্যার সমাধান হয়নি।’ তিনি দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অন্য দাবিগুলো হলো– শুধু লাইসেন্সপ্রাপ্ত অটোরিকশা চলাচলের অনুমোদন; প্রধান, গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সড়কগুলোতে অটোরিকশা চলাচল সীমিত করা; ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিয়মিত আইন প্রয়োগ নিশ্চিত করা; নিরাপদ বিকল্প গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করা এবং অটোরিকশা চালকদের বিকল্প জীবিকার ব্যবস্থা করা।
সমাবেশে গুলশান সোসাইটির মহাসচিব মজিবুর রহমান মৃধা, সাবেক মহাসচিব ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা, বনানী সোসাইটির সভাপতি শওকত আলী দিলানসহ বিভিন্ন আবাসিক এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।