ঢাকা সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

হেলমেট পরা দুর্বৃত্তদের গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মারা যান যুবক

হেলমেট পরা দুর্বৃত্তদের গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মারা যান যুবক
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ০১:২০

রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে ইমরান নামের এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় জাকারিয়া নামের আরেক যুবক গুলিবিদ্ধ হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, তাদের প্রাথমিক ধারণা, মাদকসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে বিভিন্ন বিষয় মাথায় রেখে ইতিমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে তারা।

পুলিশ ও হতাহত ব্যক্তিদের স্বজনেরা জানান, ইমরান ও জাকারিয়া গতকাল রাত ১০টার দিকে ধলপুরের বাদল সরদারের গলির শেষ মাথায় শরিফের রিকশার গ্যারেজে আড্ডা দিচ্ছিলেন। রাত সোয়া ১০টার দিকে হেলমেট পরা ৬-৭ জন এসে বলতে থাকে, ‘ইমরান দৌড় দিবি না।’ এ কথা বলামাত্র তারা এলোপাতাড়ি গুলি করে। গুলি করতে করতে তারা পালিয়ে যায়। ইমরানের মাথায় গুলি লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। জাকারিয়া হাঁটুতে ও ডান হাতের কব্জিতে গুলিবিদ্ধ হন। ইমরান ঘটনাস্থলেই মারা যান। 

দুজনকেই উদ্ধার করে স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১২টা ৭ মিনিটে কর্তব্যরত চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু সমকালকে বলেন, গুলির ঘটনায় একজন মারা গেছেন এবং একজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, এই গুলি এবং হত্যাকাণ্ডের পেছনে মাদকসংক্রান্ত বিরোধ থাকতে পারে। 

আরও পড়ুন

×