রাজধানীতে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকবে ১ লাখ টিডিপি স্বেচ্ছাসেবী
ছবি- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ২০:২৭
ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ আকস্মিক দুর্যোগ মোকাবিলায় রাজধানীতে ১ লাখ প্রশিক্ষিত শহর প্রতিরক্ষা দল (টিডিপি) স্বেচ্ছাসেবী প্রস্তুত রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। ওয়ার্ড, জোন ও থানা এলাকাভিত্তিক এসব স্বেচ্ছাসেবী দুর্যোগের সময় স্থানীয় পর্যায়ে দ্রুত সাড়া, উদ্ধার, ত্রাণ বিতরণ ও মানবিক সহায়তায় কাজ করবে।
গত মঙ্গলবার দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এ পরিকল্পনা তুলে ধরেন। পরিকল্পনাটিতে ইতিবাচক মনোভাব প্রকাশ করে দুর্যোগ ও ত্রাণমন্ত্রী সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এটি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করেন। বুধবার বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আনসার-ভিডিপির ডিজিটাল ডাটাবেজে অন্তর্ভুক্ত প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীদের দুর্যোগকালীন ‘ফার্স্ট রেসপন্ডার’ হিসেবে কাজে লাগানো হবে। এ জন্য মৌলিক প্রশিক্ষণের পাশাপাশি ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও অন্যান্য দুর্যোগ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বাহিনীটির মহাপরিচালক জানান, দেশের বিভিন্ন দুর্যোগে স্থানীয় পর্যায়ে আনসার-ভিডিপি সদস্যরা উদ্ধার, ত্রাণ বিতরণসহ মানবিক কার্যক্রমে অংশ নিচ্ছেন। রাজধানীতে পরিকল্পিত ১ লাখ টিডিপি সদস্যের নেটওয়ার্ক গড়ে উঠলে দুর্যোগের পরপরই স্থানীয় পর্যায়ে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বাড়বে।
- বিষয় :
- দুর্যোগ মোকাবিলা
- স্বেচ্ছাসেবী