হাতিরঝিলে ছিনতাইয়ের সময় যুবক আটক
ছবি- সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:৫৬ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:০২
রাজধানীর হাতিরঝিলে ছিনতাইয়ের চেষ্টাকালে এক যুবককে আটক করেছেন আনসার সদস্যরা। বুধবার রাত সাড়ে ১০টার দিকে হাতিরঝিলের মহানগর পশ্চিম (জিএমজি) এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ওই যুবকের নাম নয়ন (১৯)। আটকের পর তাকে হাতিরঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদরদপ্তর থেকে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই এলাকায় ছিনতাইয়ের চেষ্টা চালানোর সময় দর্শনার্থীদের চিৎকার শুনতে পান কর্তব্যরত আনসার সদস্যরা। পরে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ছিনতাইয়ের চেষ্টাকারী যুবককে আটক করেন। আটক নয়নের বাবার নাম মামুন। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর তেজগাঁও থানাধীন মহাখালী এলাকায় থাকেন। পরে নয়নকে হাতিরঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর গুরুত্বপূর্ণ ও জনসমাগমপূর্ণ এলাকায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
- বিষয় :
- ছিনতাইকারী
- আটক