ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

গেন্ডারিয়ায় গোলাগুলির ঘটনায় পিস্তল-ম্যাগাজিন-গোলাবারুদ উদ্ধার

গেন্ডারিয়ায় গোলাগুলির ঘটনায় পিস্তল-ম্যাগাজিন-গোলাবারুদ উদ্ধার
×

‎সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:১৫

‎রাজধানীর গেন্ডারিয়ার করাতীটোলা এলাকায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ১২ রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিন উদ্ধার করেছে র‌্যাব। এর মধ্যে একটি ম্যাগাজিন ২০২৪ সালের ৫ আগস্টের পর পুলিশের লুণ্ঠিত অস্ত্রের ম্যাগাজিন ও গোলাবারুদের অংশ বলে শনাক্ত করা হয়েছে।

‎বৃহস্পতিবার কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান।

‎গ্রেপ্তাররা হলেন– মোহাম্মদ জিসান (১৯), মোহাম্মদ রমজান (১৯), মোহাম্মদ শাহীন (৩৪), শাবাব হোসেন শৈকত (২৯) ও মোহাম্মদ মাহিম (১৮)।

র‌্যাব জানায়, গত ৩০ আগস্ট করাতীটোলা এলাকায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মনির গ্রুপ ও অটো সজল গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। এতে পথচারী আশা আক্তার (২০), সিয়াম (১৮) এবং চা-দোকানি আলমগীর হোসেন রাসেল গুলিবিদ্ধ হন। আশার ডান পায়ে, সিয়ামের বুকের বাঁ পাশে এবং আলমগীরের মাথায় গুলি লাগে। আলমগীর ও সিয়ামের অস্ত্রোপচার হয়েছে। তারা সুস্থ রয়েছেন। আশার অবস্থাও স্থিতিশীল। তবে তাঁর পায়ে থাকা গুলি এখনও অপসারণ করা সম্ভব হয়নি।

‎ঘটনার পর র‌্যাব-১০ এর যাত্রাবাড়ী ক্যাম্পের একটি দল ছায়াতদন্ত শুরু করে। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়। এর ধারাবাহিকতায় ১ সেপ্টেম্বর জিসান ও রমজান, ৮ সেপ্টেম্বর শাহীন এবং গতকাল বুধবার শাবাব ও মাহিমকে গ্রেপ্তার করা হয়।

‎র‌্যাব জানায়, শাবাবকে গ্রেপ্তারের সময় দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলির পাশাপাশি ৪২০টি ইয়াবা, ৪০০ পুরিয়া হেরোইন, ৯০০ গ্রাম গাঁজা, নগদ টাকা ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ ১৩ হাজার টাকা। শাবাব যাত্রাবাড়ী থানার তিনটি মাদক মামলার এজাহারভুক্ত আসামি।

‎র‌্যাব-১০ এর অধিনায়ক বলেন, উদ্ধার হওয়া ম্যাগাজিন ও গোলাবারুদের মধ্যে একটি ২০২৪ সালের ৫ আগস্টের পর পুলিশের লুণ্ঠিত অস্ত্রের অংশ হিসেবে শনাক্ত হয়েছে। অস্ত্র, মাদক ও লুণ্ঠিত অস্ত্রের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অনুসন্ধান চলছে।

‎এর আগে একই গোলাগুলির ঘটনায় ডিবির ওয়ারী বিভাগ চারজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, একটি সুইচ গিয়ার চাকু, একটি ধারালো ছোরা ও ১৬০টি ইয়াবা উদ্ধার করা হয়।

আরও পড়ুন

×