ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

গোলটেবিল বৈঠকে বক্তারা

সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল আলেমদের মতামত নিয়ে শরিয়াসম্মতভাবে পাস করুন

সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল আলেমদের মতামত নিয়ে শরিয়াসম্মতভাবে পাস করুন
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৪৬

‘সম্পত্তি হস্তান্তর আইন সংশোধন বিল-২০২৬’ পাসের আগে দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামা ও আইন বিশেষজ্ঞদের মতামত নেওয়ার আহ্বান জানিয়েছেন ঈমান-আকিদা সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দ ও বিশিষ্ট আলেমরা। তাদের মতে, প্রস্তাবিত সংশোধনীতে কুরআন-সুন্নাহর বিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো বিষয় থাকলে তা মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের জন্য উদ্বেগের কারণ হতে পারে।

তারা বলেন, কোনো আইন প্রণয়নের উদ্দেশ্য ভালো হলেও তাতে শরিয়াহবিরোধী কোনো ধারা থাকলে শুধু ভালো উদ্দেশ্যের কারণে আইনটি শরিয়াসম্মত হয়ে যায় না। তাই বিলটি আবেগ বা রাজনৈতিক বিবেচনায় নয়, কুরআন-সুন্নাহ, ফিকহ ও প্রচলিত আইনের আলোকে গভীরভাবে পর্যালোচনা করা প্রয়োজন।

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘সম্পত্তি হস্তান্তর আইন সংশোধন বিল-২০২৬’ নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। ঈমান-আকিদা সংরক্ষণ কমিটি এ বৈঠকের আয়োজন করে।

কমিটির সভাপতি মাওলানা হাবীবুল্লাহ মিয়াজীর সভাপতিত্বে এবং মহাসচিব মুফতি সালাহ উদ্দিন ও মুফতি ইমরানুল বারী সিরাজীর সঞ্চালনায় বৈঠক অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, বর্তমান সরকারপ্রধানের নির্বাচনী অঙ্গীকার ছিল কুরআন-সুন্নাহবিরোধী কোনো আইন পাস করা হবে না। জনগণ সেই অঙ্গীকারের প্রতি আস্থা রেখেছে। কিন্তু প্রস্তাবিত সংশোধনীতে এমন কিছু বিষয় রয়েছে, যা ইসলামের উত্তরাধিকার, সম্পত্তি ও পারিবারিক বিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ার আশঙ্কা তৈরি করেছে।

তারা আরও বলেন, মুসলিমদের সম্পত্তি ও উত্তরাধিকার বিষয়ে শরিয়াহর সুস্পষ্ট বিধান রয়েছে। এসব বিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন প্রণীত হলে ধর্মপ্রাণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হতে পারে। প্রস্তাবিত সংশোধনীর বাস্তব প্রয়োগেও নানা জটিলতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, বিলটি পাসের আগে দেশের শীর্ষস্থানীয় মুফতি, মুহাদ্দিস, ফকিহ ও আইন বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করতে হবে। কুরআন-সুন্নাহর সুস্পষ্ট বিধান অক্ষুণ্ন রেখে প্রয়োজনীয় সংশোধন করতে হবে এবং মুসলিম নাগরিকদের ধর্মীয় ও পারিবারিক অধিকার সংরক্ষণ নিশ্চিত করতে হবে।

বৈঠকে মাওলানা আবদুর হামিদ, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা আবদুর রব ইউসুফী, ড. আহমদ আব্দুল কাদের, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মহিউদ্দীন রব্বানী, মাওলানা আব্দুল্লাহ মুহাম্মদ হাসান, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মজিবুর রহমান হামিদী, মাওলানা আবু আম্মার আব্দুল্লাহ, মুফতি আব্দুল কাইয়ুম কাসেমী, মাওলানা আবু সাঈদ নোমান, মুফতি আবু বকর সুহাইল, মাওলানা সুলতান মহিউদ্দীন, মাওলানা গাজী ইয়াকুব উসমানী, মুফতি শামসুদ্দীন কাসেমী, মাওলানা আফসার মাহমুদ, মুফতি নাজমুল হাসান বিন নূরী, মুফতি আল আমিন সরাইলী, মাওলানা ইয়ামিন হোসাইন আজমী, মুফতি হিফজুর রহমান ও মুফতি ইমরানুল বারী সিরাজী প্রমুখ বক্তব্য দেন।

আরও পড়ুন

×