ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

নজরুলের দ্রোহ-মানবতা নিয়ে শিল্পকলায় নৃত্য উৎসব

নজরুলের দ্রোহ-মানবতা নিয়ে শিল্পকলায় নৃত্য উৎসব
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৩৩

নজরুলের গান ও কবিতা মানেই বিদ্রোহের আগুন, প্রেম, সাম্য আর মানবতা। জাতীয় কবির এই বহুমাত্রিক সৃষ্টিকে নৃত্যের শরীরী ভাষায় মঞ্চে তুলে ধরার আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। নজরুল বর্ষ উদযাপনের ধারাবাহিকতায় শনিবার শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘নজরুল নৃত্য উৎসব ২০২৬’। এদিন সন্ধ্যায় জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে উৎসবের উদ্বোধন হয়। 
    
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম বলেন, ‘নজরুল সবসময় অসহায় ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছেন; সমগ্র সমাজকে পুনরুজ্জীবিত করেছেন। শিল্পের নানা মাধ্যমে কবিকে স্মরণ করার অংশ হিসেবেই এ ধরনের আয়োজন করা হচ্ছে।’ স্বাগত বক্তব্যে শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন বলেন, ‘শাস্ত্রীয় সংগীতের ধারায় নজরুল গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছেন। নজরুল সংগীতকে ভিত্তি করে নৃত্যের আয়োজনের মধ্য দিয়ে বাংলার মানুষের প্রেম-বিরহ, ছন্দ ও জীবনবোধকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।’ 

মুখ্য আলোচকের বক্তব্যে একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী ও নৃত্য গবেষক আমানুল হক বলেন,  ‘নজরুলের চিন্তা ও চেতনাকে অন্তরে ধারণ করে নৃত্যের ভাষায় তা প্রকাশের চেষ্টা করা হচ্ছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাঃ হারুন-অর-রশীদ। উদ্বোধনী দিনের দ্বিতীয় পর্বের শুরুতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিবেশন করে ‘শঙ্কাশুন্য লক্ষ কণ্ঠে’। এরপর নাঈম খান ডান্স কোম্পানি পরিবেশন করে ‘আমার কৈফিয়ত’। মো. নাজমুল হকের নৃত্য পরিচালনায় ময়মনসিংহের সংগঠন নৃত্যযতন পরিবেশন করে ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি’।

এ ছাড়া স্পন্দন, ভাবনা, নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্র, বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস ও কায়াশ্রমসহ বিভিন্ন দলের পরিবেশনা ছিল। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা দলগুলোর মধ্যে ছিল স্বাপ্নিক নৃত্য বিকাশ-মাদারীপুর, অঞ্জলী নৃত্যাঙ্গন একাডেমি, আট্রিস্টি আট্রিস্ট্রি, সাধনা, নৃত্যায়ন, নবদূত সাংস্কৃতিক একাডেমি-কিশোরগঞ্জ।  পরিবেশনায় আরও  ছিল দীক্ষা, তপস্যা, নন্দন কলাকেন্দ্র, নৃত্যমী-ময়মনসিংহ, পরস্পরা, নৃত্যাক্ষ, নৃত্যসুর, স্বপ্নচুড়া কালচারাল একাডেমি, গুরুকুল কালচারাল সেন্টার, জিনিয়া নৃত্যকলা একাডেমি, বকুল নৃত্যালয় ও নৃত্যম নৃত্যাশীলন কেন্দ্র।

আয়োজকদের প্রত্যাশা, নজরুলের সৃষ্টির চেতনাকে সমকালীন নৃত্যভাষায় অনুসন্ধানের মধ্য দিয়ে ভবিষ্যতে নতুন নৃত্যপ্রযোজনার পথ তৈরি হবে। রোববার উৎসবের দ্বিতীয় দিনেও নজরুলের গান ও সৃষ্টিকে অবলম্বন করে বিভিন্ন নৃত্যদল পরিবেশনা উপস্থাপন করবে। দুই দিনের এ আয়োজন সবার জন্য উন্মুক্ত।

আরও পড়ুন

×