ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মেস থেকে জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মেস থেকে জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
×

অনিক চন্দ্র পাল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:০২

রাজধানীর বংশালে একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত অনিক চন্দ্র পাল বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে চাঁনখারপুলের পি কে গাঙ্গুলি লেনের চারতলা ছাত্রাবাসের একটি কক্ষ থেকে তাকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

অনিকের মেসমেট ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জয় ভূঁইয়া জানান, সোমবার থেকে অনিকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। মঙ্গলবার রাতে অনিকের এক সহপাঠী ফোনে তাকে না পেয়ে মেসে গিয়ে খোঁজ নিতে জয়কে জানান। পরে জয় ও ওই সহপাঠী অনিকের কক্ষের সামনে গিয়ে বেশ কিছুক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। তিনি বলেন, দরজা ভেতর থেকে বন্ধ থাকায় তাদের সন্দেহ হয়। পরে জানালার কাচ ভেঙে ভেতরে তাকিয়ে অনিককে ফ্যানের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় দেখতে পান। পরে দরজা খুলে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

অনিকের সহপাঠী ও মেসের সদস্যদের ভাষ্য, মৃত্যুর কয়েক দিন আগে তার প্রেমের সম্পর্কের বিচ্ছেদ হয়েছিল বলে তারা জানতে পেরেছেন। এরপর থেকে তিনি নীরব ও একাকী হয়ে পড়েছিলেন। তার মোবাইল ফোন বন্ধ ও ভাঙা অবস্থায় পাওয়া গেছে বলেও জানান তারা।

ঘটনার খবর পেয়ে ঢামেক হাসপাতালে যান বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর সুবাস পাল। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা আমাকে ঘটনা জানানোর কিছুক্ষণের মধ্যেই আমি ঢাকা মেডিকেলে পৌঁছাই। কিন্তু ততক্ষণে আমাদের শিক্ষার্থী আর বেঁচে ছিল না।’

তিনি আরও বলেন, ‘আমি ওর পরিবারের সঙ্গে যোগাযোগ করছি। ওর বাবার সঙ্গেও কথা হয়েছে। পরিবারের সদস্যরা আসার পর মেডিকেল ও থানার প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’

বংশাল থানার ওসি আশিক ইকবাল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা। অনিকের পরিবারের সদস্যরা সিলেট থেকে আসছেন। তাদের উপস্থিতিতে মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

অনিকের গ্রামের বাড়ি সিলেটের শিবপুর উপজেলায়। তার পরিবার সিলেটের শিবগঞ্জ এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে।

আরও পড়ুন

×