ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

‘চলে আসলি এই পুলিশ কিচ্ছুই করতে পারবে না’- অডিও ছড়িয়ে পড়ার পর ওসি প্রত্যাহার

‘চলে আসলি এই পুলিশ কিচ্ছুই করতে পারবে না’- অডিও ছড়িয়ে পড়ার পর ওসি প্রত্যাহার
×

মো. রাকিবুল হাসান। ছবি-সংগৃহীত

‎সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:০৮ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:৫৩

শেখ হাসিনা দেশে ফিরলে পুলিশ কিচ্ছুই করতে পারবে না—এমন বক্তব্যের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে।

পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, ছড়িয়ে পড়া অডিওর কণ্ঠটি প্রাথমিকভাবে ওসি মো. রাকিবুল হাসানের বলে শনাক্ত করা হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। 

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক আদেশে তাকে সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়। ডিএমপি কমিশনার মো. মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত ওই আদেশে প্রশাসনিক কারণ দেখিয়ে তাকে প্রত্যাহার করার কথা বলা হয়েছে।

বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে অডিওটি ছড়িয়ে পড়ে। এতে ওসি পরিচয়ে এক ব্যক্তিকে সরকার, প্রশাসন ও পুলিশ বাহিনীর সমালোচনা করতে শোনা যায়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ওসি পদায়নে টাকা লেনদেনের অভিযোগও করেন তিনি।

অডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘শেখ হাসিনা ডিসেম্বরে আসতেছে, কিচ্ছু হবে না। আপনারা চিন্তাও করতে পারতেছেন না রাস্তার পুলিশ কত দুর্বল। ভয়ানক দুর্বল। আসা উচিত। ডিসেম্বর দেরি হয়ে গেছে, এই মাসেই আসা উচিত ছিল। চলে আসলি এই পুলিশ কিচ্ছুই করতে পারবে না।’

অডিওতে ওই পুলিশ কর্মকর্তাকে বলতে শোনা যায়, ‘সিনিয়র অফিসার সব বিএনপি করতেছে। আমরা তো বিএনপি করতেছি না। সব সিনিয়ররা বিএনপি করতেছে, আমরা বিএনপি করতেছি না। এই করার জন্য তো আমরা ডিপার্টমেন্টে আসি নাই। তোমরা খাবা-দাবা..., নিয়ে থাকবা, আর আমরা এখানে বসে বসে কাজ করব, তা তো হবে না।’

ওই অডিওতে বলা হয়, মনির নামে পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার গাড়িচালক থানার ওসি পদায়ন করছেন। এতে শোনা যায়, ‘এগুলো সহ্য করা যায়? আর কী বলব? যারা পেস্টিং পাইতেছে তার (মনির) কাছে টাকা দিচ্ছে, সকাল বেলা পেস্টিং হইতেছে।’

অডিওর বক্তা বলেন, তার লজ্জা থাকা উচিত। তার চাকরি ছিল না। এখন যে পদে আছেন, সেখানে এক বছর থাকতে পারলে ১০০ কোটি টাকা এমনিতেই হবে বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

×