আশুলিয়া-সাভারসহ বিস্তীর্ণ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে
ছবি: ফাইল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:৩৭
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজের জন্য আশুলিয়া-সাভারসহ বিস্তীর্ণ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আগামীকাল শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত এসব এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আশপাশের এলাকাতেও এ সময় গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।
আজ বৃহস্পতিবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি জানিয়েছে, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আশুলিয়া রোডে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের টাই-ইনের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গ্যাস সরবরাহ বন্ধ থাকার আওতায় থাকবে আশুলিয়া বাজার থেকে বাইপাইল পর্যন্ত সড়কের উভয় পাশের এলাকা, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্লান্ট, বেক্সিমকো ডিআরএস (বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স), কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, চন্দ্রা মোড়, নবীনগর, সাভার টাউন, সাভার ক্যান্টনমেন্ট, উলাইল ও ব্যাংক টাউন।
এ ছাড়া সাভার রেডিও কলোনি, কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ী, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়কের উভয় পাশের এলাকা, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ, ডেন্ডারবর, ভাদাইল, লতিফপুর, মানিকগঞ্জ ও এর আশপাশের এলাকাও এর আওতায় থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে পাইপলাইন স্থানান্তরের টাই-ইন কাজ শেষ করার পর গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
- বিষয় :
- গ্যাস
- গ্যাস সরবরাহ