ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ছিনতাইয়ের কবলে শিক্ষিকা

দায় স্বীকার করে ২ আসামি বললেন, হত্যার উদ্দেশ্য ছিল না

দায় স্বীকার করে ২ আসামি বললেন, হত্যার উদ্দেশ্য ছিল না
×

নিহত শিক্ষিকা রনজিনা পারভীন রুলি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ২১:৪৯ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ২২:১৯

জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর কবলে পড়ে স্কুলশিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনার মামলায় গ্রেপ্তার দুই আসামি দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ বৃহস্পতিবার ঢাকার আদালতে জবানবন্দি দেওয়া দু’জন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার মো. খোকন ও রাজিব মাতব্বর। পুলিশ জানিয়েছে, শিক্ষিকাকে হত্যার কোনো উদ্দেশ্য ছিল না। তারা পেশাদার ছিনতাইকারী। ছিনতাই করতে গিয়ে শিক্ষিকার মৃত্যু হয়। 

আজ বৃহস্পতিবার রাতে সমকালকে এসব তথ্য জানান মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগের উপ–পুলিশ কমিশনার মো. জিয়াউদ্দিন আহম্মেদ। 

পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার দুই আসামি খোকন ও রাজিবকে জবানবন্দি দেওয়ার জন্য আদালতে হাজির করা হয়। পরে জবানবন্দি শেষে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে আরও অনেক মামলা রয়েছে। ঘটনার সময় রাজীব মাতব্বর নীল রঙের মোটরসাইকেলটি চালাচ্ছিলেন এবং খোকন পেছনে বসা ছিলেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে রিকশায় থাকা শিক্ষিকা রনজিলা পারভীনের ব্যাগ লক্ষ্য করে হ্যাঁচকা টান দেন খোকন। টান সামলাতে না পেরে ওই শিক্ষিকা চলন্ত রিকশা থেকে পাকা রাস্তায় ছিটকে পড়েন এবং মাথায় প্রচণ্ড আঘাত পান। এরপর তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। পরে নিহত শিক্ষিকার ছিনতাই হওয়া ব্যাগ, পোশাক, চশমার খাপ, ওষুধ ও ট্রেনের টিকিটের অংশবিশেষ, মোবাইল ফোনসহ ছিনতাই কাজে ব্যবহৃত নীল রঙের মোটরসাইকেল উদ্ধার করা হয়। 

রনজিলা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। গত ২৯ আগস্ট চোখের চিকিৎসকের শরণাপন্ন হতে ভোরে মানিক মিয়া অ্যাভিনিউয়ের জাতীয় সংসদ ভবনের ১২ নম্বর গেটসংলগ্ন পাকা রাস্তায় অটোরিকশা করে যাচ্ছিলেন তিনি। এ সময় মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার হাতের ব্যাগ ধরে টান দেন।

ছিনতাইকারীর টানে রনজিলা চলন্ত রিকশা থেকে রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত রনজিলা পারভীনের স্বামী আবদুল মতিন শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন। মামলায় প্রথমে মো. পনি ওরফে প্যারা পনি ওরফে পনি গাজী, সেড্রিক জুলিয়ান ও রাকিব হোসেন নামে তিনজনকে গ্রেপ্তার দেখানো হয় এবং রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তারা কারাগারে রয়েছেন।

আরও পড়ুন

×