ডাকসুতে ছয় সাহিত্যিকের ভুল ছবি, সমালোচনার পর সরলো
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৫২ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:২৯
| প্রিন্ট সংস্করণ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান কবি-সাহিত্যিকের একাংশ’ শিরোনামে ছয় সাহিত্যিকের নামের সঙ্গে ভুল ছবি ব্যবহার করেছে। সমালোচনার মুখে গত বৃহস্পতিবার নতুন ছবি সংযুক্ত করেছে ডাকসু।
আগের ও পরের ছবি যাচাই করে দেখা যায়, পল্লিকবি জসীমউদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক শিক্ষক শহীদ মুনীর চৌধুরী, বাংলা একাডেমির সাবেক সভাপতি আবুল কাসেম ফজলুল হক ও কবি আসাদ চৌধুরীর নামে ব্যবহৃত ছবিগুলো তাদের নয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবুল ফজলের নামের সঙ্গে ব্যবহৃত ছবিটিও তাঁর নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শুধু ভাষাবিদ মুহম্মদ এনামুল হকের নামে ব্যবহৃত ছবিটির সঙ্গে তাঁর চেহারার কিছুটা মিল পাওয়া গেছে।
আগের ছবি প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনজুর বলেন, ‘জসীমউদ্দীন, মুনীর চৌধুরী, আবুল কাসেম ফজলুল হক, আসাদ চৌধুরীর নামের উপরে যেসব ছবি আছে, সেগুলো মোটেও এসব ব্যক্তির নয়। আবুল ফজলের ছবিটিও তাঁর হওয়ার কথা নয়; শ্মশ্রুমণ্ডিত ভিন্ন আবুল ফজলই আমাদের কাছে পরিচিত। একমাত্র মুহম্মদ এনামুল হকের ছবিটি কিছুটা তাঁর চেহারার সঙ্গে যায়। তবে প্রতিটি ছবি এআই দিয়ে তৈরি করা মনে হয়।’
ছয় সাহিত্যিকের তালিকা নিয়েও প্রশ্ন তোলেন অধ্যাপক তারিক মনজুর। তিনি বলেন, ‘খ্যাতিমান কবি-সাহিত্যিকদের একাংশ’ শিরোনামে যে তালিকা করা হয়েছে, তা ব্যাপকভাবে খণ্ডিত। এই তালিকা এত বড়, বাস্তবে সবাইকে এক দেয়ালে জায়গা দেওয়া সম্ভব নয়। ফলে নির্দিষ্ট কয়েকজনের ছবি টাঙানো সমীচীন হয়নি।’
বিষয়টি নিয়ে সমালোচনার পর বৃহস্পতিবার ছবিগুলো সরিয়ে নতুন আরেকটি ফ্রেম সংযুক্ত করা হয়। ডাকসুর পক্ষ থেকে বলা হয়েছে, ছবিগুলো ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছিল। তবে ডিজাইনের সময় ছবির মান বাড়াতে গিয়ে কয়েকটি ছবির চেহারা বদলে যায়। বিষয়টি নজরে আসার পর ছবিগুলো পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম ঝুমা।
- বিষয় :
- ডাকসু