জবিতে দফায় দফায় সংঘর্ষ, ছাত্রদলের ৮ নেতাকর্মী বহিষ্কার
ফাইল ছবি-সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ | ২১:৫৫ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬ | ২১:৫৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা ও সংলগ্ন বাহাদুর শাহ পার্ক এলাকায় এ সংঘর্ষ হয়। এতে অন্তত দুজন আহত হয়েছেন। এ ঘটনায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জবি শাখা ছাত্রদলের আট নেতাকর্মীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। একই সঙ্গে শাখার যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
সংঘর্ষে আহতরা হলেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাদুদ এবং বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান হোসেন ইমন।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, বাহাদুর শাহ পার্কের একটি চায়ের দোকানের পাশে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে সংঘর্ষ কাঁঠালতলা এলাকায় ছড়িয়ে পড়ে। সেখানে দুই পক্ষকে রড ও পাইপ নিয়ে সংঘর্ষে জড়াতে দেখা যায়।
জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন অনিক অভিযোগ করেন, আওয়ামী লীগের বিরুদ্ধে ঘোষিত কর্মসূচি পালন শেষে তারা ভিক্টোরিয়া পার্ক এলাকায় অবস্থান করছিলেন। এ সময় শামসুল আরেফিনের অনুসারীরা রড ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা করেন। এতে কয়েকজন আহত হন বলে দাবি করেন তিনি।
শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিনকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় বলে জানা গেছে। শনিবার রাতে নাহিয়ান বিন অনিকের দেওয়া একটি ফেসবুক পোস্টের পর এ উত্তেজনা ছড়ায়।
তবে শামসুল আরেফিনকে উদ্দেশ্য করে পোস্ট দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন নাহিয়ান। তিনি বলেন, ‘আমি সেখানে কারও নাম উল্লেখ করিনি। জুলাই গণঅভ্যুত্থানকে পুঁজি করে যারা শত শত কোটি টাকার মালিক হয়েছেন, তাদের বুঝিয়েছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আজম খান বলেন, ‘দুই গ্রুপের নাম আমি জানি না। তবে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা পুলিশ ডেকে নিয়ে আসছি। উল্লেখযোগ্যভাবে কেউ আহত হয়নি।’
সংঘর্ষের পর রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এক বিজ্ঞপ্তিতে জবি শাখার যুগ্ম আহ্বায়ক সবুজ শাহরিয়ার, সদস্য ইসরাফিল ইসলাম রাফিল, মাসুম রেজা, ইয়াসিন সাইফ, ইমরান হোসেন ইমন, মনিরুজ্জামান মনির ও মো. সৌরভুর রহমান সুজনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কারের কথা জানায়। একই সঙ্গে ছাত্রনেতা কাব্য সাহাকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ছাড়া নাহিয়ান বিন অনিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তাঁর বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা ব্যাখ্যা করতে বলা হয়েছে।
এর আগে গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা এলাকায় ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্টে স্টেজে বসাকে কেন্দ্র করে সুমন সরদার ও মোস্তাফিজুর রহমান রুমির অনুসারীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে তা ধাক্কাধাক্কি ও সংঘর্ষে গড়ায়।
- বিষয় :
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়
- ছাত্রদল
- বহিস্কার