‘সায়েদাবাদ বাস টার্মিনাল সরলে যানজট কমবে’
ফাইল ছবি
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | ১৩:৩৭
| প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম। গতকাল বুধবার বিকেলে কাঁচপুর বাস টার্মিনালের কাজ পরিদর্শনের এসে তিনি এ কথা বলেন।
বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, গুলিস্তানের বাস টার্মিনালটি বুড়িগঙ্গার ওপারে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ইতোমধ্যে জমি অধিগ্রহণ করা হয়েছে। সায়েদাবাদ থেকে চট্টগ্রামসহ প্রায় ১৬টি জেলায় যেসব বাস চলাচল করে, সেগুলো কাঁচপুরের এ টার্মিনালে রাখার পরিকল্পনা সরকারের রয়েছে। কাঁচপুর ও ঢাকায় যাত্রীদের যাওয়া আসার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আরও বলেন, কাঁচপুর টার্মিনালে আপাতত অস্থায়ী শেড করে এখানে সায়েদাবাদ টার্মিনাল স্থানান্তর করা হবে। এ টার্মিনাল বাস্তাবায়নের জন্য সব মিলিয়ে প্রায় ৫০ কোটি টাকার বাজেট ধরা হয়েছে।
কাঁচপুর টার্মিনাল পরিদর্শনকালে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- সায়েদাবাদ
- বাস টার্মিনাল