ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

চার্চের ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টা চুরি, ডাস্টবিনের পাশ থেকে উদ্ধার 

চার্চের ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টা চুরি, ডাস্টবিনের পাশ থেকে উদ্ধার 
×

উদ্ধার হওয়া ঘণ্টা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬ | ১৪:৫৩

রাজধানীর মোহাম্মদপুরে সেন্ট পল স্কুল অ্যান্ড চার্চের প্রায় ৭০ কেজি ওজনের একটি পিতলের ঘণ্টা চুরির পর তা উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে জাকির হোসেন রোডের একটি ময়লার ডাস্টবিনের পাশ থেকে সাদা পলিব্যাগে মোড়ানো অবস্থায় ঘণ্টাটি উদ্ধার করা হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, গত বুধবার রাত ১২টার পর যেকোনো সময় ৯২ আসাদ অ্যাভিনিউয়ে ওয়াসা ভবনের সামনে অবস্থিত সেন্ট পল স্কুল অ্যান্ড চার্চের দোতলার ঘণ্টাটি চুরি হয়। বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার আগে রাত ১২টা ৩ মিনিট থেকে চার্চের সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং বন্ধ ছিল। তবে কী কারণে ওই সময় থেকে সিসিটিভির রেকর্ডিং বন্ধ ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

ওসি আরও বলেন, ঘটনার পর চুরি হওয়া ঘণ্টা উদ্ধার ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান শুরু করে। পুলিশের অভিযানের মুখে চোর বা চোরচক্র ঘণ্টাটি ফেলে রেখে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। পরে মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের ময়লার ডাস্টবিনের পাশ থেকে সাদা পলিব্যাগে মোড়ানো অবস্থায় সেটি উদ্ধার করা হয়। উদ্ধারের সময় ঘণ্টাটি অক্ষত ছিল।

পুলিশ জানায়, উদ্ধার করা ঘণ্টাটি থানা-হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান। চুরির আগে সিসিটিভি রেকর্ডিং বন্ধ হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি আশপাশের বিভিন্ন স্থাপনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

আরও পড়ুন

×