ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী উদ্‌যাপন

গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬ | ০২:৫৬

সত্য, অহিংসা ও মানবসেবার আদর্শ স্মরণ করে মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী উদ্‌যাপন করেছে ঢাকায় ভারতীয় হাই কমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি)। শুক্রবার ভারতীয় হাই কমিশন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী ও তরুণদের অংশগ্রহণে পোস্টার ও কুইজ প্রতিযোগিতা, সর্বধর্ম প্রার্থনা, সাংস্কৃতিক পরিবেশনা ও খাদি প্রদর্শনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ভারতের হাই কমিশনার দিনেশ ত্রিবেদী মহাত্মা গান্ধীর সত্য, অহিংসা ও স্বার্থহীন সেবার চিরন্তন বার্তা স্মরণ করেন। সমকালীন সমাজেও গান্ধীর আদর্শের প্রাসঙ্গিকতা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
ফেরদৌস বাপ্পির পরিচালনায় ঢাকা শহরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে গান্ধীর জীবন, চিন্তাধারা ও অবদান নিয়ে পোস্টার তৈরি ও কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। প্রতিযোগিতা শেষে ‘সেবা পখওয়াড়া’র সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়।

এরপর শিশুদের অংশগ্রহণে সর্বধর্ম প্রার্থনা এবং মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সাংস্কৃতিক পর্বে ‘গীতিমালিকা’র বাংলাদেশি শিল্পীরা গান্ধীর প্রিয় গান ‘বৈষ্ণব জন তো’, ‘যদি তোর ডাক শুনে’ ও ‘রঘুপতি রাঘব’ পরিবেশন করেন। একই পর্বে রবীন্দ্রনাথ ঠাকুরের গানও পরিবেশিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের ডিজাইনার বিপ্লব সাহার নেতৃত্বে ‘বিশ্ব রঙ’-এর আয়োজনে খাদি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যান্ড ‘কৃষ্ণপক্ষ’ পরিবেশন করে ফোক-ফিউশন সংগীত।

আয়োজনস্থলে ফ্রেন্ডশিপ ও কুমিল্লা খাদি ঘরের প্রদীপ কান্তি সাহার খাদি স্টল ছিল। পাশাপাশি নোয়াখালী ও জামালপুরের গান্ধী আশ্রমের বিভিন্ন নিদর্শন প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সদস্য, ভারত ও বাংলাদেশের আমন্ত্রিত অতিথি, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণ ও শিক্ষার্থীরাও এতে অংশ নেন।

আরও পড়ুন

×