ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

সাবেক এমপি কন্যার সংবাদ সম্মেলন

ভাইয়ের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ

ভাইয়ের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ
×

ডিআরইউর সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন করা হয়। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬ | ১৭:১৮ | আপডেট: ০৪ অক্টোবর ২০২৬ | ১৭:২৮

ভাইয়ের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি দখল, উত্তরাধিকার থেকে বঞ্চিত করা এবং ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত শাহজাহান খানের মেয়ে আয়শা আক্তার শিথিল। তিনি অভিযোগ করেন, বাবার মৃত্যুর পর বড় ভাই মো. শিপলু খান পৈতৃক সম্পত্তির অধিকাংশ এককভাবে ভোগদখল করছেন।

আজ রোববার ঢাকার রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।

লিখিত বক্তব্যে আয়শা আক্তার শিথিল বলেন, তাদের বাবা শাহজাহান খান ২০২২ সালের ৪ নভেম্বর বরিশাল বিভাগীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে পটুয়াখালীর বদরপুর এলাকায় হামলায় আহত হন এবং ২৮ নভেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে যান।

আয়শার দাবি, বাবার মৃত্যুর পর তার রেখে যাওয়া স্থাবর-অস্থাবর সম্পত্তির উত্তরাধিকারী হিসেবে তারা তিন ভাই-বোন। তবে বড় ভাই শিপলু খান ক্ষমতা ও প্রভাব খাটিয়ে সম্পত্তিগুলো এককভাবে ভোগদখল করছেন। নিজেদের ন্যায্য হিস্যা চাইতে গেলে তাদের ভয়ভীতি ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় তার মা ২০২৪ সালের ৭ মে পটুয়াখালী সদর থানায় একটি অভিযোগ করেন। একই দিনে তিনি নিজেও একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে সম্পত্তিতে ন্যায্য অধিকার চেয়ে পটুয়াখালী পৌরসভায় আবেদন করা হয় বলেও জানান তিনি।

আয়শা বলেন, আমাদের বাবার পটুয়াখালীর আদালতপাড়া এলাকায় প্রায় ১০ কাঠা জমির ওপর একটি বাড়ি, সদর রোডে ছয়তলা একটি হোটেল এবং সবুজবাগ এলাকায় একটি বহুতল ভবন রয়েছে। ওই ভবনে ১৯টি ফ্ল্যাট রয়েছে বলে দাবি করেন তিনি। এসব সম্পত্তি থেকে আয় হলেও তারা কোনো অংশ পাচ্ছেন না বলে অভিযোগ তার।

তিনি বলেন, ‘আমার আব্বার সবুজবাগে ১৭টি ফ্ল্যাট এবং আদালতপাড়ায় বাড়ি থাকা সত্ত্বেও আমি পটুয়াখালীতে ৪ হাজার টাকা ভাড়ার বাসায় থাকি। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে কোনোরকমে জীবনযাপন করছি।’

তার ছোট ভাই শাখিল খান বর্তমানে থাকার জায়গা না পেয়ে ঢাকায় শ্বশুরবাড়িতে অবস্থান করছেন বলেও জানান আয়শা। সংবাদ সম্মেলনে আয়শা আরও অভিযোগ করেন, তাদের বাবার ব্যাবসায়িক ঋণের একটি অংশ এখনো পরিশোধ হয়নি। এ কারণে পূবালী ব্যাংক পিএলসি পটুয়াখালী শাখা ২০২৬ সালের ১২ জানুয়ারি একটি নিলাম বিজ্ঞপ্তি দেয়। পরে তিনি ব্যাংকে আবেদন করে নিলাম প্রক্রিয়া স্থগিত করেন বলে দাবি করেন। তার অভিযোগ, সম্পত্তি নিলামে তুলে সেটি নিজেদের নামে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

শিপলু খানের বিরুদ্ধে মাদক ব্যাবসা, দখল, চাঁদাবাজি ও রাজনৈতিক প্রভাব ব্যবহারেরও অভিযোগ করেন আয়শা। সংবাদ সম্মেলনে আয়শা বলেন, ‘আমরা শহীদ শাহজাহান খানের তিন সন্তান। অথচ শুধু আমার বড় ভাই বাবার রাজনৈতিক ও সামাজিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন সুবিধা ভোগ করছেন। আমরা আমাদের ন্যায্য পৈতৃক সম্পত্তি চাই।’

তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও রাজনৈতিক দলের নেতাদের প্রতি আহ্বান জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাথিল খান বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের আমলে আমার ভাইয়ের তাদের সঙ্গে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সখ্যতা ছিলো। রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাদের সব সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন। এখন বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। 

তিনি বলেন, ৪ বছর ধরে আমাকে বাসায় ঢুকতে দেন না। সব সম্পত্তি সে একাই ভোগ দখল করছেন। আমরা এর সঠিক বিচার চাই।

আরও পড়ুন

×