ঢামেকের বাথরুমে মিলল অজ্ঞাত নারীর মরদেহ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ১৩:১৬
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের একটি বাথরুম থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের ১১০ ও ১১১ নম্বর ওয়ার্ডের মাঝামাঝি বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, মরদেহটি বাথরুমের পানির পাইপের সঙ্গে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় ছিল। ওই নারীর একটি হাত কাটা ছিল এবং শরীর রক্তাক্ত অবস্থায় দেখা যায়। এ কারণে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা প্রাথমিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, ওই নারীর বয়স আনুমানিক ২৮ বছর। হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মীরা বাথরুম পরিষ্কার করতে গিয়ে তাকে পানির পাইপের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে শাহবাগ থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে পরিচ্ছন্নতাকর্মীরা ১১০ ও ১১১ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী বাথরুমে ওই নারীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি বলেন, নিহত নারীর হাত কাটা ছিল এবং তিনি রক্তাক্ত অবস্থায় ছিলেন। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা এখনই বলা যাচ্ছে না।