ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

কর্মসংস্থানের দাবিতে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের অবস্থান, ৬৪ জেলায় আন্দোলনের হুঁশিয়ারি

কর্মসংস্থানের দাবিতে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের অবস্থান, ৬৪ জেলায় আন্দোলনের হুঁশিয়ারি
×

কর্মসূচি পালন করছেন চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ১৪:৪৪ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৬ | ১৫:৩৪

এক দফা কর্মসংস্থানের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা। সোমবার সকাল ১০টা থেকে শতাধিক প্রতিবন্ধী গ্র্যাজুয়েট এ কর্মসূচিতে অংশ নেন।

আন্দোলনকারীদের একমাত্র দাবি, প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশের মাধ্যমে সরকারি বিভিন্ন উপযুক্ত পদে বিশেষ নিয়োগের ব্যবস্থা করে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষিত বেকার প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের তাৎক্ষণিক কর্মসংস্থান নিশ্চিত করা।

পূর্বঘোষিত কর্মসূচির ধারাবাহিকতায় ‘চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদ’ এ অবস্থান কর্মসূচি পালন করছে। সংগঠনটির নেতারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের লাগাতার আন্দোলন চলবে। দ্রুত দাবি মেনে না নিলে আন্দোলন দেশের ৬৪ জেলায় ছড়িয়ে দেওয়ারও হুঁশিয়ারি দেন।

আন্দোলনকারীদের কেউ কেউ দাবি আদায় না হলে আত্মহত্যার মতো চরম পদক্ষেপ নেওয়ার কথাও ঘোষণা করেছেন। তবে সংগঠনটির পক্ষ থেকে কর্মসূচি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে চালিয়ে যাওয়ার কথা জানানো হয়েছে।

চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের আহ্বায়ক মো. আলী হোসেন বলেন, আমরা বছরের পর বছর শিক্ষাজীবন শেষ করে চাকরির অপেক্ষায় আছি। আমাদের দাবি কোনো বিশেষ সুবিধা নয়; আমরা আমাদের যোগ্যতা ও সক্ষমতা অনুযায়ী কর্মসংস্থান চাই। এক দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। তারপরও যদি আমাদের দাবি পূরণ করা না হয়, তাহলে এই যে দেখেন, হাতে বিষের বোতল! আমরা সবাই এখানে বিষপান করে আত্মহত্যা করব।

সংগঠনের সদস্য সচিব মো. আলিফ হোসেন বলেন, বহু বছর ধরে বিভিন্নভাবে কর্মসংস্থানের দাবি জানিয়ে আসছি। বারবার আশ্বাস পেলেও বাস্তব সমাধান পাইনি। এবার আমরা এক দফা দাবিতে মাঠে নেমেছি। বিশেষ নিয়োগের মাধ্যমে কর্মসংস্থান নিশ্চিত না করা পর্যন্ত কর্মসূচি থেকে পিছুপা হব না।

আন্দোলনে অংশ নেওয়া এক প্রতিবন্ধী গ্র্যাজুয়েট বলেন, শিক্ষাজীবন শেষ করার পরও বছরের পর বছর বেকার থাকা অত্যন্ত কষ্টকর। আমরা কারও দয়া চাই না, কাজের সুযোগ চাই। কর্মসংস্থানের কার্যকর সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে বাধ্য হব।

আরেক আন্দোলনকারী বলেন, আমাদের পরিবার আছে, ভবিষ্যৎ আছে, স্বপ্ন আছে। কিন্তু কর্মসংস্থানের সুযোগ না থাকায় আমরা অনিশ্চয়তার মধ্যে রয়েছি। সরকার বিষয়টি মানবিক ও জরুরি হিসেবে বিবেচনা করে দ্রুত বিশেষ নিয়োগের মাধ্যমে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে-এটাই প্রত্যাশা।

আন্দোলনকারীরা বলেন, তাদের ন্যায্য কর্মসংস্থানের দাবি আদায়ে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন চালিয়ে যাবেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসে তাঁদের দাবির বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদ।
 

আরও পড়ুন

×