ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

সমাজসেবা অধিদপ্তর

দিনভর আন্দোলনের পর রাতেও অবস্থানের সিদ্ধান্ত প্রতিবন্ধী চাকরিপ্রার্থীদের

দিনভর আন্দোলনের পর রাতেও অবস্থানের সিদ্ধান্ত প্রতিবন্ধী চাকরিপ্রার্থীদের
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ০০:০০

শিক্ষিত বেকার প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের এক দফা কর্মসংস্থানের দাবিতে দিনভর আন্দোলনের পর রাতেও সমাজসেবা অধিদপ্তরের সামনে অবস্থান করছেন চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল থেকে সমাজসেবা অধিদপ্তরের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। সেখানে তারা এক দফা দাবি তুলে ধরে কর্মসংস্থানের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

দিনভর কর্মসূচি শেষে দাবি আদায় না হওয়া পর্যন্ত সারারাত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদ।

আন্দোলনকারীদের এক দফা দাবি হলো—প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশের মাধ্যমে সরকারি বিভিন্ন উপযুক্ত পদে বিশেষ নিয়োগের ব্যবস্থা করে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষিত বেকার প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের দ্রুত কর্মসংস্থান নিশ্চিত করা।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসংস্থানের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দিন-রাত অবস্থানসহ ধারাবাহিকভাবে পরবর্তী কর্মসূচিও পালন করা হবে।

আন্দোলনকারীরা বলেন, দীর্ঘদিন ধরে কর্মসংস্থানের অপেক্ষায় থাকা শিক্ষিত প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের জীবন ও ভবিষ্যতের কথা বিবেচনা করে সরকারকে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নিতে হবে। তাঁরা শুধু প্রতিশ্রুতি নয়, বিশেষ নিয়োগের মাধ্যমে বাস্তব কর্মসংস্থানের নিশ্চয়তা চান।

আরও পড়ুন

×