বান্ধবীর বাসায় কেরোসিন ঢেলে আগুন, নিশার মৃত্যুর ঘটনায় দুজন গ্রেপ্তার
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ০০:১২
রাজধানীর বংশালে গায়ে কেরোসিন ঢেলে নিশা রানী (২৮) নামের এক নারীর আত্মহত্যার ঘটনায় এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিশাকে মানসিকভাবে নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন—মিনাক্ষী রানী (৩০) ও বিকি বাবু ওরফে শ্রী বিকি হেলা।
গতকাল সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।
ফারুক হোসেন বলেন, গত ২ অক্টোবর সকালে বান্ধবী মিনাক্ষী রানীর সঙ্গে ঢাকেশ্বরী মন্দিরে পূজা দিতে যান নিশা। সেখানে মিনাক্ষীর কথিত প্রেমিক বিকি বাবুর সঙ্গে তার পরিচয় হয়। পরে তারা একসঙ্গে মন্দির থেকে বের হয়ে নাস্তা করেন এবং রমনা কালী মন্দিরে যান। এ সময় মিনাক্ষী ও বিকি বাবুর ঘনিষ্ঠ আচরণকে কেন্দ্র করে নিশা মানসিকভাবে ক্ষুব্ধ হন। পরে নিশা ও মিনাক্ষী নিজ নিজ বাসায় ফিরে যান।
পুলিশের এই কর্মকর্তা বলেন, একই দিন বিকেলে মিনাক্ষীর স্বামী কর্মস্থল কুমিল্লার উদ্দেশে বাসা থেকে বের হন। সন্ধ্যা আনুমানিক পৌনে ৭টার দিকে বিকি বাবু মিনাক্ষীর বাসায় যান। বিষয়টি জানতে পেরে নিশাও সেখানে যান। সেখানে বিকি বাবু ও মিনাক্ষী তাদের সম্পর্কের মধ্যে বাধা দেওয়ার অভিযোগে নিশাকে গালমন্দ ও অপমানজনক কথাবার্তা বলেন। এতে নিশা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। পরে রাত আনুমানিক ৩টার দিকে তাদের সামনেই নিশা নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।
গুরুতর দগ্ধ অবস্থায় নিশাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ৪ অক্টোবর রাত ১টা ২৫ মিনিটে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে বংশাল থানায় মামলা করা হয়। মামলার পর বংশাল থানা পুলিশ গোয়েন্দা তথ্য, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে।
পুলিশ জানায়, গতকাল সোমবার সকাল সাড়ে ৬টার দিকে বংশাল থানা এলাকা থেকে মিনাক্ষী রানীকে গ্রেপ্তার করা হয়। একই দিন রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে সিরাজগঞ্জের ‘নাবিল হাইওয়ে হোটেল’ থেকে বিকি বাবু ওরফে শ্রী বিকি হেলাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।