ঢাবির জগন্নাথ হলের ৯ তলা থেকে লাফ, প্রাণে বাঁচলেন শিক্ষার্থী
ছবি: সংগৃহীত
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ০০:৪৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সন্তোষ ভবনের নবম তলা থেকে লাফ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থী। গত রোববার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসক ও সহপাঠীরা জানিয়েছেন, ওই শিক্ষার্থীর শরীরে গুরুতর কোনো আঘাত পাওয়া যায়নি। ভবনের পাশে থাকা একটি টিনশেড ঘরের চালে পড়ায় বড় ধরনের আঘাত থেকে তিনি রক্ষা পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, পরিবারের সদস্যরা তার পাশে রয়েছেন। তার একটি পা ফুলে আছে। মাথার কিছু অংশে ঘষা লেগে ছিলে যাওয়ায় সেখানে ব্যান্ডেজ করা হয়েছে। তবে তিনি স্বাভাবিক আছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন।
তার চিকিৎসায় যুক্ত একজন চিকিৎসক জানিয়েছেন, এখন পর্যন্ত শরীরে বড় ধরনের কোনো শারীরিক ক্ষতি ধরা পড়েনি।
জগন্নাথ হল সংসদের সহসভাপতি (ভিপি) পল্লব বর্মন বলেন, আহত শিক্ষার্থীর এক্স-রে, ইসিজি ও এমআরআইসহ বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত পরীক্ষার ফলাফল ভালো এসেছে। শরীরের কোথাও হাড় ভাঙার প্রমাণ পাওয়া যায়নি। তাকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঘটনার সময় হলের একাধিক কর্মচারী জানান, রাত ১টার দিকে তাঁরা হঠাৎ বিকট শব্দ শুনতে পান। বাইরে এসে ভবনের পাশের টিনশেড ঘরের চালে ওই শিক্ষার্থীকে পড়ে থাকতে দেখেন তারা। পরে কয়েকজন কর্মচারী ও শিক্ষার্থী মিলে তাকে সেখান থেকে নামিয়ে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
কেন ওই শিক্ষার্থী ভবন থেকে লাফ দিয়েছেন, সে বিষয়ে হল প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
কয়েকজন সহপাঠী জানিয়েছেন, তিনি কিছুদিন ধরে ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে মানসিক চাপে ছিলেন। তবে তারা এ বিষয়ে বিস্তারিত বলতে চাননি। হলসংশ্লিষ্ট কয়েকটি সূত্রও ব্যক্তিগত সম্পর্কসংক্রান্ত একটি বিষয় থাকার কথা জানিয়েছে।
জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল বলেন, ‘আমরা শুনেছি, ব্যক্তিগত কিছু কারণ ও মানসিক চাপ থেকে ঘটনাটি ঘটেছে। ওই শিক্ষার্থী পুরোপুরি সুস্থ হলে তার কাছ থেকেই সম্পূর্ণ ঘটনা জানা যাবে।’
তিনি আরও বলেন, বর্তমানে ওই শিক্ষার্থী অনেকটাই সুস্থ আছেন এবং তার শরীরে গুরুতর কোনো ক্ষত পাওয়া যায়নি। ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সে বিষয়ে হল প্রশাসন খোঁজখবর নিচ্ছে।
- বিষয় :
- ঢাকা বিশ্ববিদ্যালয়
- আত্মহত্যার চেষ্টা