আবাসন প্রকল্পে হামলার পরিকল্পনা, বৈঠকে অংশ নেওয়া বিকাশ গ্রেপ্তার
বিকাশ চন্দ্র সরকার
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ০৯:০৫
| প্রিন্ট সংস্করণ
রাজধানীর ইসিবি চত্বরে নিউ গিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলার ‘অন্যতম পরিকল্পনাকারী’ বিকাশ চন্দ্র সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার গভীর রাতে মাগুরা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার তাঁকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। হামলার দিন দুপুরে ইসিবি চত্বর এলাকায় যে বৈঠক হয়েছিল, তাতে অংশ নিয়েছিলেন বিকাশ চন্দ্র। বৈঠকের ছবি দেখে পুলিশ তাঁকে চিহ্নিত করে।
ডিবি জানায়, হামলার ঘটনায় এ পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হলো। তাদের মধ্যে বিকাশসহ ৭ জন রিমান্ডে রয়েছেন। অন্য ৬ জন হলেন শাহরিয়া মাহমুদ, শাহ আলম অনিক, মিজানুর রহমান, ভাসানটেক বস্তির বাসিন্দা মো. মামুন, মো. মুন্না ও অটোরিকশাচালক আসলাম। এ ছাড়া মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার হওয়ার পর রিমান্ড শেষে গত রোববার আদালত থেকে জামিন পান।
তদন্ত সূত্র জানিয়েছে, আবাসন প্রকল্পের মধ্যে গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ কয়েকজনের জমি রয়েছে। এই জমিতে যাওয়ার আলাদা কোনো রাস্তা নেই, প্রকল্পের রাস্তা দিয়ে যেতে হয়। তবে প্রকল্প কর্তৃপক্ষ তাদের রাস্তা দিতে রাজি নয়। রাস্তা বন্ধ করে রাখা হয়েছে। এ ছাড়া নিউ গিনি প্রপার্টিজের বিরুদ্ধে কিছু জমি দখলেরও অভিযোগ তোলা হয়। মহিউদ্দিন চৌধুরীসহ জমির মালিকদের পক্ষ নিয়ে বিকাশ চন্দ্র সরকার নিউ গিনি প্রপার্টিজের চেয়ারম্যান নাজিম উদ্দিন ভূঁইয়ার সঙ্গে সমঝোতার চেষ্টা করেন। সমঝোতা না হওয়ায় পরে হামলার পরিকল্পনা করা হয়। হামলার সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয় মামলার এক নম্বর আসামি শাহরিয়া মাহমুদকে।
সূত্র আরও জানিয়েছে, বিকাশ চন্দ্রের সঙ্গে মিরপুর, পল্লবী ও ভাসানটেক এলাকার সন্ত্রাসী বাহিনীর সঙ্গে আগে থেকেই পরিচয় রয়েছে। সেই সূত্রে তিনি সন্ত্রাসী বাহিনীকে হামলায় ভাড়া করার দায়িত্ব পালনকারীদের একজন। হামলার প্রায় সাড়ে ৮ ঘণ্টা আগে দুপুরে ইসিবি চত্বরে একটি রেস্তোরাঁয় যে বৈঠক হয়েছিল, সেখানে শাহরিয়া মাহমুদের পাশের চেয়ারে বসে ছিলেন তিনি। ঘটনার পর বিকাশ মাগুরায় আত্মগোপন করেন।
ডিবির গুলশান বিভাগের উপকমিশনার আ ফ ম আনোয়ার হোসেন খান সমকালকে বলেন, ‘আমাদের টিম ঢাকা থেকে মাগুরায় গিয়ে রোববার গভীর রাতে বিকাশকে গ্রেপ্তার করে। পরে তাঁকে ডিবিতে আনা হয়। আদালতে পাঠিয়ে তাঁকে রিমান্ডে নেওয়া হয়। এ ছাড়া আরও ৬ জন রিমান্ডে রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
গত ২৬ সেপ্টেম্বর রাতে নিউ গিনি আবাসন প্রকল্প ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সশস্ত্র হামলা চালানো হয়। এ সময় লুটপাট চালানো হয়। এলোপাতাড়ি গুলি ছোড়ে হামলাকারীরা। এ ঘটনায় পরদিন ক্যান্টনমেন্ট থানায় মামলা হয়।
- বিষয় :
- গ্রেপ্তার