ঢাকা মেডিকেলে আরও এক কারাবন্দির মৃত্যু
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ | ০২:২২
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ কে শ্যামল খান (৫২) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে আনা হয়।
চলতি মাসে এ পর্যন্ত অন্তত চারজন কারাবন্দি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বা হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। এর আগে সোমবার জাকারিয়া মোল্লা, রোববার মো. সুজন ও ১ অক্টোবর শাহিন আলম মারা যান।
কারারক্ষী মো. সাইমন জানান, শ্যামল খান গতকাল কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁর বুকে ব্যথা করছিল। কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর আড়াইটার তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত ব্যক্তি শান্তিনগর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. শামসুদ্দিন।
তবে শ্যামল কোন মামলার আসামি ছিলেন তা জানাতে পারেননি এই কারারক্ষী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সেপ্টেম্বর মাসে ঢাকায় অন্তত ১৬ কারাবন্দির মৃত্যু হয়। তারা ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন। কারা অধিদপ্তরের তথ্য মতে, দেশে বর্তমানে কারাগারে বন্দির সংখ্যা এক লাখের বেশি। সারাদেশের কারাগারে ২০২১ সালে ৩০৩, ২০২২ সালে ২২৩, ২০২৩ সালে ৩৭৫, ২০২৪ সালে ৩১৮, ২০২৫ সালে ১৮৭ এবং ২০২৬ সালের ১৬ আগস্ট পর্যন্ত ১২২ জন বন্দির মৃত্যু হয়েছে।